মায়োর্কার মাঠে ড্রয়ের হতাশা নিয়ে লা লিগায় নতুন মৌসুম শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। লা লিগায় তারা প্রথম জয় পেলো সান্তিয়াগো বার্নাব্যুতে খেলে। ভায়াদোলিদকে তারা ৩-০ গোলে হারিয়েছে।
বল দখলে আধিপত্য ধরে রাখলেও প্রথমার্ধে ভায়াদোলিদের কঠিন রক্ষণ ভেদ করতে পারেনি রিয়াল। বিরতির পর ফেডেরিকো ভালভার্দে গোলমুখ খোলেন। নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে ব্রাহিম দিয়াজ ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি টাইমে রিয়ালের জার্সিতে প্রথম গোল করেন এন্দ্রিক।
৫০তম মিনিটে ফ্রি কিক থেকে রিয়ালকে এগিয়ে দেন ভালভার্দে। বদলি নেমে দিয়াজ ৮৮তম মিনিটে ২-০ করেন। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে এন্দ্রিকের গোলে জয়ের ব্যবধান বড় জয়।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের তৃতীয় স্থানে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনা ও সেল্টা ভিগোর চেয়ে দুই পয়েন্ট পেছনে তারা।









