গত সপ্তাহে লাল কার্ডের দুঃসহ স্মৃতি মুছে ফেললেন লিয়ান্দ্রো ট্রসার্ড। শনিবার লেস্টার সিটির বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও ড্রয়ের শঙ্কায় পড়ার পর আর্সেনালকে ৪-২ গোলে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
২০ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলের পর হাফটাইমের ঠিক আগে আর্সেনালকে ২-০ গোলে এগিয়ে দেন ট্রসার্ড। পরে ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে তার ব্যাকপোস্টে নেওয়া শট লেস্টারের উইলফ্রেড এনদিদির গায়ে লেগে জালে জড়ালে সমতা ফেরানো লেস্টারকে ফের পেছনে ফেলে গানাররা। কাই হ্যাভার্জ চতুর্থ গোল করে জয় সুনিশ্চিত করেন। তাতে সমান ১৪ পয়েন্ট নিয়ে ম্যানসিটিকে ছুঁয়েছে গানাররা।
ট্রসার্ডের ঠান্ডা মাথার গোলে যখন আর্সেনাল দুই গোলে এগিয়ে গিয়েছিল, তখন মনে হচ্ছিল বড় জয়ে গোলব্যবধানে ম্যানসিটিকে সরিয়ে শীর্ষে বসতে যাচ্ছে তারা। কিন্তু জেমস জাস্টিনের জোড়া গোল চমকে দেয় গানারদের। ৬৩তম মিনিটে দুর্দান্ত ভলিতে জাল কাঁপিয়ে ২-২ এ সমতা ফেরান লেস্টার খেলোয়াড়।
টানা দ্বিতীয় ড্রয়ের শঙ্কা কাটাতে গোলের জন্য মরিয়া ছিল আর্সেনাল। চলতি মৌসুমে কোনও জয়ের মুখ না দেখা লেস্টারকে ঠিকই কাঁপিয়ে দেয় তারা। বুকায়ো সাকার কর্নার থেকে ট্রসার্ডের শটে লক্ষ্যের দিকে ছোটা বল এনদিদির গায়ে লেগে জালে জড়ায়।
প্রাথমিকভাবে গোলটির পাশে ট্রসার্ডের নাম বসেছিল। কিন্তু পরে তা বদলে আত্মঘাতী গোল করলে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় আর্সেনাল।
এরপর ইনজুরি টাইমের নবম মিনিটে হ্যাভার্জ জাল খুঁজে পেলে স্বস্তির জয় পায় স্বাগতিকরা।









