অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে রবিবার রিয়াল মাদ্রিদের ড্র হওয়া ম্যাচে বাঁ পায়ের অ্যাবডাক্টর মাসলে চোট পেয়েছেন থিবো কোর্তোয়া। সোমবার তার ক্লাব এই খবর নিশ্চিত করেছে। স্প্যানিশ গণমাধ্যমের খবর, অভিজ্ঞ এই গোলকিপারকে পরের দুই ম্যাচে পাবে না মাদ্রিদ ক্লাব।
তবে স্বস্তির খবর বার্সেলোনার সঙ্গে ২৬ অক্টোবর রিয়ালের ক্লাসিকো ম্যাচের আগে মাঠে ফিরবেন কোর্তোয়া। কাতালানদের মুখোমুখি হওয়ার এক সপ্তাহ আগে আগামী ১৯ অক্টোবর সেল্তা ভিগো ম্যাচেই বেলজিয়ান গোলকিপারকে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
একটি সূত্রে ইএসপিনে জানতে পেরেছে, এই সপ্তাহে লিলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ও শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগা ম্যাচে খেলতে পারবেন না কোর্তোয়া। প্রত্যাশিত সময়ের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠলে বার্নাব্যুতে বার্সা ম্যাচে মাঠে নামবেন।
মেত্রোপলিতানোতে অ্যাটলেটিকোর সঙ্গে ড্র ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন কোর্তোয়া। ম্যাচে দর্শকরা ঝামেলা করলে দ্বিতীয়ার্ধে কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখেন রেফারি।








