গত ৩০ অক্টোবর কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার নারীদের সাফ জিতেছে বাংলাদেশ। নারী ফুটবলারদের এমন সাফল্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ সাফজয়ী ফুটবলারদের ২০ লাখ টাকার পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। আজ বুধবার দুপুরে সেই অর্থ বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের হাতে তুলে দিয়েছেন বিসিবি সভাপতি।
বুধবার চেক হস্তান্তর অনুষ্ঠানে অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে ছিলেন টিম ম্যানেজার মাহমুদা আক্তার। বিসিবির পক্ষে ছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ, বিসিবি পরিচালক ফাহিম সিনহা ও নাজমুল আবেদীন ফাহিম।
চেক তুলে দেওয়ার পর বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘আপনারা জানেন যে আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছি। এখানে ক্রিকেট, ফুটবল আলাদা কিছু না। পুরোটা মিলিয়েই স্পোর্টস। বাংলাদেশি হিসেবে আমরা অনেক বেশি গর্বিত। আরও বেশি খুশি কারণ, টানা দুইবার চ্যাম্পিয়ন হতে পেরেছে। এটা মোটেও ফ্লুক নয়। মেয়েদের দল আবার সেটা প্রমাণ করেছে। আমাদের যেভাবে তারা গর্বিত করেছেন, তাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করবো, ফুটবল ফেডারেশনের নতুন সভাপতির নেতৃত্বে নারী ফুটবল আরও এগিয়ে যাবে। ’
ফুটবদ দলের অধিনায়ক সাবিনা খাতুন বিসিবিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেট বোর্ডের সকল সম্মানিত পরিচালকদের, বিশেষ করে বোর্ডের সভাপতিকে। গতবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও ক্রিকেট বোর্ড আমাদের পাশে ছিলেন, এবারও তারা আছেন। ক্রিকেট বোর্ডের এই বিষয়গুলো আমাদের অনুপ্রাণিত করে। সকল সেক্টর থেকে সবাই আমাদের যেভাবে মোটিভেট করে, সেটি আমাদের জন্য আনন্দের। ’
গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনা-সানজিদাদের ৫০ লাখ টাকা পুরস্কার দিয়েছিল নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। এবার অবশ্য টাকার অংক অর্ধেকের বেশি কমে গেছে।








