এর আগের বাফুফে নির্বাচনে অল্পের জন্য পাস করতে পারেননি জাতীয় দলের সাবেক স্ট্রাইকার সাইফুর রহমান মনি। এবার তো ২৬ অক্টোবরের নির্বাচনে এখলাস উদ্দিনের সঙ্গে সমান ৬১ ভোট পেয়েছেন। আজ শনিবার সমতা ভাঙার নির্বাচনে শেষ পর্যন্ত ভোটের মাঠে ‘গোল’ করতে পেরেছেন মনি। মানে নির্বাচিত হয়েছেন তিনি।
আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাফুফে ভবনে ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১০৭ জন ভোট দিয়েছেন। পনেরো মিনিট পরই বাফুফের নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেছেন, ‘১০৭ টি ভোটই বৈধ। কোনও ভোট বাতিল হয়নি। সাইফুর রহমান মনি ৫৬ ও এখলাস উদ্দিন ৫১ ভোট পেয়েছেন। বেশি ভোট পাওয়ায় মনি নির্বাচিত।’
অবশেষে জয় পাওয়ায় মনির মুখে স্বস্তির হাসি, ‘অবশেষে আমি জিতলাম। একটি সদস্য পদের জন্য কাউন্সিলররা কষ্ট করে এসেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।’
সাইফুর রহমান মনি এখন চট্টগ্রাম আবাহনীর প্রধান কোচ। এবার বাফুফের সদস্য হয়ে মনির প্রতিক্রিয়া, ‘ফুটবল ফেডারেশন থেকে আমাকে ফুটবল উন্নয়নের যে দায়িত্ব দেবে সেটা পালন করবো। আর কোচিং আমার পেশা।বাফুফের যে নিয়ম আছে বা হবে, আমি সেটাই অনুসরণ করবো।’









