ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল অনন্য এক কীর্তি গড়েছেন বোর্নমাউথ ফরোয়ার্ড জাস্টিন ক্লুইভার্ট। প্রথম খেলোয়াড় হিসেবে পেনাল্টি থেকে স্কোর করে হ্যাটট্রিকের নজির গড়েছেন। তার অনন্য নজিরের দিনে বোর্নমাউথ ৪-২ গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়েছে।
ক্লুইভার্টের পেনাল্টিতে হ্যাটট্রিকের দিনে অনন্য নজির আরেকটি হয়েছে। বোর্নমাউথের আরেক ফরোয়ার্ড ইভানিলসন-ই প্রথম খেলোয়াড় যিনি একা তিনটি পেনাল্টি আদায় করেছেন।
ক্লুভাইটার্টের আরেকটা পরিচয়ও আছে। তিনি নেদারল্যান্ডস, আয়াক্স ও বার্সেলোনা লিজেন্ড প্যাট্রিকের ছেলে। ম্যাচের প্রথম স্পট কিকটি করেছেন তৃতীয় মিনিটে। তার পর ১৮ ও ৭৪ মিনিটে। এটি ছিল দলের হয়ে তার ৫০তম ম্যাচ। মাইলফলকের ম্যাচে অনন্য কীর্তি গড়ে তিনটি পয়েন্ট এনে দিতে ভূমিকা রাখেন তিনি।
ইতিহাসে নাম লিখিয়ে নিজে ভীষণ উচ্ছ্বসিত ক্লুইভার্ট। ম্যাচের পর বলেছেন, ‘ইতিহাসে নাম লেখানো বিস্ময়কর কিছু। আমি দারুণ আনন্দিত। ’
২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০২৩ সালে রোমা থেকে বোর্নমাউথে যোগ দিয়েছেন।
এই জয়ে পয়েন্ট টেবিলে ১১তম স্থানে উঠেছে বোর্নমাউথ। উলভসরা অবশ্য পরাজয়ে অবনমন অঞ্চলে নেমে গেছে।









