প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লিভারপুল তাদের লিড আরও বাড়িয়ে নিয়েছে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে বিধ্বস্ত করেছে ৫-০ গোলে।
লন্ডন স্টেডিয়ামে গোল উৎসব করেছে আর্নে স্লটের দল। সাতদিন আগে টটেনহামকে ৬-৩ গোলে হারিয়েছে। তাই এই ম্যাচ নিয়েও সংশয় ছিল না। ৩০ মিনিটে লুইস দিয়াজের প্রথম গোলের আগ পর্যন্ত অনেক সুযোগ হাতছাড়া করেছে তারা। ৪০ মিনিটে মোহাম্মদ সালাহর দারুণ ফুটওয়ার্কে ব্যবধান বাড়ান কোডি গাকপো। ৪৪ মিনিটে নিজেও স্কোরশিটে নাম তোলেন সালাহ। লো ড্রাইভে মৌসুমের ২০তম গোল তুলে নেন তিনি।
বিরতির পরও লিভারপুলের আক্রমণ সামলানোর মতো রসদ ছিল না ওয়েস্ট হ্যামের। উল্টো আরও ধার বাড়িয়ে গোলের পর গোল তুলে নিয়েছে। ৫৪ মিনিটে এবার গোল উৎসবে নাম লেখান ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড। তার লং রেঞ্জের শট ম্যাক্স কিলম্যান্সের মাথায় লেগে দিক পরিবর্তিত হয়ে জড়ায় জালে। তার পর আবার সালাহর বানিয়ে দেওয়া বলে ৮৪ মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি খেলোয়াড় ডিয়েগো জোতা।
সর্বশেষ জয়ের পর ১৮ ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৪৫ পয়েন্ট। ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নটিংহ্যাম ফরেস্ট। তারা অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে। লিভারপুল এগিয়ে রয়েছে ৮ পয়েন্টে।







