কোপা দেল রের সেমিফাইনালে দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বেশ কয়েকবার নড়বড়ে পরিস্থিতিতে পড়লেও সেমির প্রথম লেগে ১-০ গোলে জিততে সবটাই উজার করে খেলেছে লস ব্লাঙ্কোস। একমাত্র গোলটি করেছেন টিনএজ স্ট্রাইকার এন্দ্রিক।
এই ম্যাচকে কেন্দ্র করে মূল দলের বেশ কয়েকজনকে বিশ্রাম দেন কার্লো আনচেলত্তি। তার পরেও শুরুটা দারুণ করে রিয়াল। ডেড লক ভাঙতে সময় নেয় মাত্র ১৯ মিনিট। ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান এন্দ্রিক প্রতি আক্রমণ থেকে জাল কাঁপিয়েছেন।
রক্ষণে বল দখলে নিতে ভিনিসিয়ুস জুনিয়র দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। তার পর দলীয় চেষ্টায় বল পান জুড বেলিংহ্যাম। তার দেওয়া লং পাস থেকেই গোল করেছেন এন্দ্রিক।
২৫ মিনিটে গোলের কাছে চলে গিয়েছিলেন ভিনিসিয়ুসও। কিন্তু তার ক্লোজ রেঞ্জের শট এক হাতে সেভ করেন অ্যালেক্স রেমিরো। তার পর সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ মিস করেন সোসিয়েদাদ অধিনায়ক মিকেল ওইয়ারজাবাল।
বিরতির আগে রেফারি হোসে মারিয়াা সানচেসকে অবশ্য কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধও রাখতে হয়েছে। কারণ অধিনায়ক হিসেবে অভিষেক করা ভিনিসিয়ুস রেফারির দৃষ্টি আকর্ষণ করেন এই বলে, সেখানকার দর্শকরা তার সতীর্থ রাউল আসেনসিওকে লক্ষ্য করে অপমানসূচক স্লোগান দিচ্ছেন।
তার পর পরিস্থিতি শান্ত করে কর্তৃপক্ষ। বিরতির পর অবশ্য রিয়াল আরও শক্তভাবে মাঠে নামে। তারা বলের দখল রাখার চেষ্টা করে। কিন্তু তাদের বার বারই হতাশ করেছে সোসিয়েদাদ। তারাও বেশ কিছু সুযোগ তৈরি করেছে। কিন্তু দুই দলের গোলরক্ষকরা দারুণ নৈপুণ্য প্রদর্শন করায় ব্যবধানে আর হেরফের হয়নি।









