শেষ দিকে জোড়া গোল করলেন মাউরো আরামবারি। রবিবার ১০ জনের দলকে ২-১ গোলে হারিয়ে চমক দেখালো গেতাফে। ডিয়েগো সিমিওনের দল লা লিগা টেবিলের শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ হারালো।
এক ম্যাচ হাতে রেখে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো বার্সেলোনা। তাদের ডাক্তারের আকস্মিক মৃত্যুতে শনিবার ওসাসুনা ম্যাচ স্থগিত রাখে কাতালান জায়ান্টরা। এক পয়েন্ট পেছনে থেকে দুইয়ে অ্যাতলেতিকো। তিন পয়েন্ট পেছনে থেকে রিয়াল মাদ্রিদ রবিবার রায়ো ভায়েকানোর মুখোমুখি হচ্ছে।
অ্যাতলেতিকোর আলেক্সান্দার সোরলোথ বেঞ্চ থেকে উঠে আসার পর গোলমুখ খোলেন। লম্বা ভিএআর রিভিউয়ের পর ৭৫তম মিনিটে পেনাল্টি পায় তারা। যদিও গেতাফের হ্যান্ডবল হওয়া নিয়ে ধোয়াশা ছিলই।
৮৮তম মিনিটে অ্যাতলেতিকোর অ্যাঞ্জেল কোরেয়া প্রতিপক্ষ খেলোয়াড়কে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন। এর কয়েক সেকেন্ড পর আরামবারি ফিরতি শটে সমতা ফেরান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তার শট ডিয়েগো রিকোর গায়ে লাগে, তারপর গোলকিপার ইয়ান ওবলাককে পরাস্ত করে জালে জড়ায়।









