ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে সতীর্থ হিসেবে পাচ্ছেন পর্তুগাল দলে একসঙ্গে খেলা জোয়াও ফেলিক্সকে। গত গ্রীষ্মে স্থায়ী চুক্তি করা পর্তুগিজ ফরোয়ার্ডকে ৪ কোটি ৪০ লাখ পাউন্ডে সৌদি প্রো লিগ ক্লাবের কাছে বিক্রি করছে চেলসি। ব্রিটিশ গণমাধ্যম স্কাইস্পোর্টস এই তথ্য জানিয়েছে।
২০২৩ সালে ধারে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে চেলসিতে আসেন ফেলিক্স। সাড়ে চার কোটি পাউন্ডে স্ট্যামফোর্ড ব্রিজে স্থায়ী চুক্তি করেন পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু ধারে খেলার সময় তো বটেই, স্থায়ী হয়েও শুরুর লাইনআপে জায়গা ধরে রাখতে ভুগেছেন তিনি।
গত মৌসুমের শেষ ভাগে এসি মিলানে ধারে খেলেন ফেলিক্স। ১৯ ম্যাচে করেন ৩ গোল। গণমাধ্যমের খবর, ইতালিতে স্বল্প সময়ে পাঠিয়েও ৫০ লাখ পাউন্ড আয় করেছিল চেলসি।
বেনফিকা ফেলিক্সকে ফেরানোর আগ্রহ দেখায়। কিন্তু আল নাসর তাদের স্কোয়াড শক্তিশালী করার উচ্চাকাঙ্ক্ষা থেকে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে টানছে। সৌদি প্রো লিগ জয়ের আশায় ইতোমধ্যে তারা রোনালদোর চুক্তির মেয়াদ বাড়িয়েছে এবং কোচও পর্তুগিজ- হোর্হে জেসুস।









