উজবেকিস্তানের ফুটবলারকে বকেয়া ২৫ লাখ টাকা না দেওয়ায় ইয়ংমেন্স ফকিরেরপুলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিফা। অবশেষে দেরিতে হলেও ওই ফুটবলারের অর্থ পরিশোধ করায় ক্লাবটির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আজ বুধবার ফিফা থেকে বাফুফে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পেয়েছে ফকিরেরপুল।
ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের দলবদলে এখন আর কোনও বাঁধা নেই। আমরা উজবেকিস্তানের খেলোয়াড়ের টাকা দিয়েছি। তাই ফিফাও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফুটবল ফেডারেশন আমাদের ক্লাব কর্মকর্তা সহ সকলকে ধন্যবাদ জানাই, সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। ’
১৪ আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দলবদলের শেষ দিন। সময় কম থাকলেও আশাবাদী আহমেদ আলী, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় রয়েছে। আগামী কয়েকদিনে আরও খেলোয়াড় সংগ্রহ করবো। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করছি। ফকিরেরপুল মাঠে নামবে এটা বলতে পারি।’
ইয়ংমেন্স ফকিরেরপুলের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে লিগে বিকল্প হিসবে ঢাকা ওয়ান্ডারার্সকে খেলানোর পরিকল্পনা ছিল ফেডারেশনের। এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় ওয়ান্ডারার্সের খেলার সুযোগ আর থাকছে না।









