ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী ফরোয়ার্ড ডিওগো জোতা না থেকেও ছিলেন অ্যানফিল্ডে। গত ৪ জুলাই সড়ক দুর্ঘটনায় ভাইকে নিয়ে প্রাণ হারানো লিভারপুল ফরোয়ার্ডের স্মরণে শুক্রবার আবেগঘন রাত তৈরি হয়েছিল ক্লাবটির মাঠে। ‘ডিওগোর দিনে’ শুরুতে দাপট দেখায় লিভারপুল। তবে হঠাৎ ছন্দ হারালেও আবার ঘুরে দাঁড়িয়ে আর্নে স্লটের দল ম্যাচ জিতেছে ৪-২ গোলে।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ডিওগো ও আন্দ্রে সিলভাকে স্মরণে রেখেছিলেন খেলোয়াড় ও দর্শকরা। ম্যাচ শুরুর আগে এক মিনিটের নীরবত পালন হয়েছিল, ২০তম মিনিটে করতালি দিয়ে ২০ নম্বর জার্সিধারী প্রয়াত ফরোয়ার্ডকে শ্রদ্ধা জানানো হয়।
লিভারপুল হেড কোচ স্লট এদিন প্রথম ম্যাচেই শুরুর একাদশে রাখেন সামার সাইনিংয়ের চার খেলোয়াড় উগো একিতিকে, ফ্লোরিয়ান উইর্টজ, জেরেমি ফ্রিমপং ও মিলোস কেরকেজকে।
আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে আসা এতিকিতে বোর্নমাউথের জমাট প্রতিরোধ ভেঙে বিরতির আট মিনিট আগে জাল কাঁপান।
বিরতি থেকে ফেরার চার মিনিট পর কডি গাকপোকে নিয়ে গোল করান একিতিকে। লিভারপুল সহজ জয়ের সুবাস পাচ্ছিল।
প্রথমার্ধে গ্যালারি থেকে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন বোর্নমাউথের ফরোয়ার্ড আন্তোয়ান সেমেনিও। রেফারি অ্যান্থনি টেলর কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ রাখেন। সেই সেমেনিও ৬৪ মিনিট পর গোল করে বোর্নমাউথকে লড়াইয়ে ফেরান। ম্যাচের ১৪ মিনিট বাকি থাকতে তার গোলেই সমতায় ফেরে অতিথিরা। পয়েন্ট ছিনিয়ে নেওয়ার আভাস দেয় তারা।
১২ মিনিটের মধ্যে দুই গোল হজম করে লিভারপুরের গ্যালারিতে নিস্তব্ধতা নেমে আসে। তবে তাদের মাঝে উচ্ছ্বলতা ফেরাতে সময় লাগেনি।
নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে ফেদেরিকো চিয়েসা স্কোর ৩-২ করেন। যোগ করা সময়ে নিচু ফিনিশিংয়ে দলের চতুর্থ গোল করে জয় সুনিশ্চিত করেন মোহাম্মদ সালাহ।









