গত মাসে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের শুরুটা হলো হতাশাজনক ড্রয়ে। তবে ভাগ্য ভালো যে, প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেসের শুরুর দিকে একটি গোল বাতিল হয়েছে। ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
প্যালেস ১৩ মিনিটে জাল কাঁপায়। এবেরেচি এজের ফ্রি কিক চেলসির গোলপোস্ট ভেদ করে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ও রেফারি ড্যারেন ইংল্যান্ড গোল বাতিল করেন। মাঠেই রেফারি জানিয়ে দেন কারণ। রক্ষণদেয়ালের অনেক কাছে ছিলেন মার্ক গুয়েহি।
ইংল্যান্ড বলেন, ‘রিভিউয়ে দেখা গেছে, অ্যাওয়ে দলের ছয় নম্বর খেলোয়াড় শট নেওয়ার সময় রক্ষণদেয়াল থেকে এক মিটারের চেয়ে কম দূরত্বে ছিলেন। তাতে গোলটি বাতিল হয়েছে।’
আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডে ১৩ নম্বর আইন অনুযায়ী, যখন তিন বা তার বেশি খেলোয়াড় রক্ষণদেয়াল গড়ে, তখন আক্রমণভাগের সব খেলোয়াড়কে দেয়াল থেকে অন্তত এক মিটার দূরে থাকতে হবে যতক্ষণ না বলে শট নেওয়া হয়।’
এর আগে চার মিনিটে কুকুরেল্লার হেড গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে চেলসিকে হতাশ করে অতিথিরা।
বাকি সময়ে আর কোনও দলই প্রতিপক্ষের রক্ষণব্যুহ ভেদ করতে পারেনি। দুই দলের ডিফেন্ডারদের গোছানো পারফরম্যান্সে গোল হয়নি একটিও।








