এএফসি অনূর্ধ্ব ২৩ বাছাইয়ে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২ গোলে হেরেছে বাংলাদেশ। গ্রুপে শনিবার (৬ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আরেক শক্তিশালী ইয়েমেন। প্রথম ম্যাচে ছিলেন না ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। তবে কাল খেলবেন। তাই আশাবাদী বাংলাদেশ দলও।
আজ শুক্রবার অনুশীলন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক শেখ মোরসালিন ম্যাচ জেতার কথাই বললেন।
মোরসালিন বলেন, ‘আসলে প্রথম ম্যাচে আমাদের প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি। কাল যেহেতু আমাদের ম্যাচ, আজকে ট্রেনিং সেশন ছিল। কোচেরা ইয়েমেন টিমের যেই দুর্বল দিক আছে, শক্তির দিক আছে। ওইগুলো নিয়ে আজকে একটা ভিডিও সেশন ছিল প্রাকটিসের আগে। আমি মনে করি কালকে আমাদের ডু-অর-ডাই ম্যাচ। যেকোনোও উপায়ে আমাদের জিততে হবে। আমার দলের সবার মেন্টালিটি এখন এটাই।’
এরপরই এই অ্যাটাকিং মিডফিল্ডার যোগ করেন, ‘আমাদের কমিটমেন্ট একটাই- কালকের ম্যাচ আমাদের জিততে হবে। আমাদের সামনে দুইটা ম্যাচ আছে, কিন্তু কালকের ম্যাচ জিতলে একটা সুযোগ থাকবে, কিন্তু নেগেটিভ কিছু হলে... যে কারণে আমাদের লক্ষ্য কালকের ম্যাচ জেতা। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
দলের ভারপ্রাপ্ত হেড কোচ হাসান আল মামুন তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চান। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ ভালো হয়নি, আশানুরূপ ফল আনতে পারিনি। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনিই। আমরা চাইবো আমাদের চেহারায় ফিরে আসতে। ছেলেরা রেডি, আমরা টেকনিক্যালি বিষয় আছে, অপনেন্টের শক্তি, দুর্বলতা নিয়ে ভিডিও সেশন করেছি। আসলে টুর্নামেন্টে টিকে থাকতে আমাদের জিততে হবে। আমরা কালকে তিন পয়েন্টের জন্য মাঠে নামব।’
প্রতিপক্ষ ইয়েমেন নিয়ে তার মূল্যায়ন, ‘ইয়েমেন আমাদের সমান শক্তির টিম। কিছু ব্যক্তিগত স্কিলফুল খেলোয়াড় আছে। তবে আমরা ওদের দুর্বল জায়গা আছে সেগুলো শনাক্ত করেছি। আমরা প্রস্তুত, টুর্নামেন্টে ফিরতে হলে আমাদের জয় ছাড়া কোনও বিকল্প নেই।’
দলের ম্যানেজার শাহীন হাসান বলেছেন, ‘ফাহমিদুল খেলবেন। তাই দল আরও শক্তিশালী হয়েছে। আশা করছি ছেলেরা ঘুরে দাঁড়াবে।’








