বিশ্বকাপ বাছাইয়ে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলেছে স্পেন। টানা দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে তারা। ‘ই’ গ্রুপে তুরস্ককে বিধ্বস্ত করেছে ৬-০ গোলে। অপর দিকে প্রথম ম্যাচে অঘটনের শিকার জার্মানি নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে।
দুর্দান্ত ছন্দে থাকা স্পেনের এটা অ্যাওয়ে ম্যাচে দ্বিতীয় বড় জয়ের নজির। যার পেছনে মূল অবদান আর্সেনাল মিডফিল্ডার মিকেল মেরিনোর। পেশাদার ফুটবলে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তিনি।
৬ মিনিটের মধ্যে প্রথম গোলটি করেন বার্সেলোনা প্লে মেকার পেদ্রি গঞ্জালেস। ২২ মিনিটে ব্যবধান বাড়ান মেরিনো। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে আবারও জাল কাঁপান এই মিডফিল্ডার। বিরতির পর ৫৩ মিনিটে স্কোরশিটে নাম তুলেন ফেরান তোরেস। ৫৭ মিনিটে মেরিনো হ্যাটট্রিক পূরণ করেন। ৬২ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান পেদ্রি।
বাছাই থেকে গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি বিশ্বকাপের টিকিট কাটবে। রানার্স আপদের খেলতে হবে প্লে-অফ। এমন সমীকরণে স্লোভাকিয়ার কাছে প্রথম ম্যাচ ২-০ গোলে হারায় জার্মানি চাপের মাঝে ছিল। দ্বিতীয় ম্যাচে অবশেষে স্বস্তির জয় পেয়েছে তারা। ঘরের মাঠে ৭ মিনিটে তাদের এগিয়ে দেন সার্জ জনাব্রি। ৩৪ মিনিটে আইজ্যাক প্রাইস স্কোর ১-১ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বিরতির পর বদলি খেলোয়াড় নাদিয়েম আমিরি ৬৯ মিনিটে ও ৭২ মিনিটে ফ্লোরিয়ান ভির্টজ দুটি গোল করে ম্যাচ পুরোপুরি নিজেদের করে নেন।
এটি ছিল গ্রুপ ‘এ’ তে জার্মানির প্রথম জয়। ফ্রি কিক থেকে গোল করার পর ভিটর্জ বলেছেন, ‘জানি প্রথম ম্যাচে যা হয়েছে সেটা ছিল ভয়াবহ বিপর্যয়। তাই আমরা ভালো কিছু করার চেষ্টায় ছিলাম। এটা ভালো পারফরম্যান্স বলতে পারি, যার ওপর আমরা ভরসা করে এগিয়ে চলা সম্ভব।’ এই গ্রুপে স্লোভাকিয়া ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। নর্দার্ন আয়ারল্যান্ড দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। জার্মানিরও সমান পয়েন্ট।








