লা লিগায় লেভান্তেকে ২–০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। অবশ্য জয়ের চেয়েও ম্যাচে প্রভাব ফেলেছে বার্নাব্যুতে সমর্থকদের বিক্ষোভ।
ম্যাচ শুরুর আগে সাদা রুমাল নেড়ে প্রতিবাদ জানান রিয়াল সমর্থকরা। এরপর ম্যাচ চলাকালীন জুড বেলিংহ্যাম, ভিনিসিয়ুস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দেসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে দেখে দুয়ো ও শিস দেওয়ার ঘটনাও ঘটে।
জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হওয়া কোচ আলভারো আরবেলোয়াকেও ম্যাচজুড়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেন দর্শকরা। তার পরেও এতসব অস্বস্তির মধ্যে স্বস্তির ছিলো রিয়ালের জয়। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে ও রাউল আসেনসিওর গোল ক্লাবটিকে জয় এনে দেয়।
কোপা দেল রেতে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের বিপক্ষে লজ্জাজনক হারের পর নিজেদের প্রথম লা লিগা ম্যাচে একাদশে ফেরেন এমবাপ্পে ও বেলিংহ্যাম।
প্রথমার্ধে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পারায় বিরতির পর একাদশে পরিবর্তন আনেন আরবেলোয়া। দ্বিতীয়ার্ধে নামেন আরদা গুলের ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো।
৫৮তম মিনিটে আদ্রিয়ান দে লা ফুয়েন্তের ফাউলে পেনাল্টি আদায় করে নেন এমবাপ্পে। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি তারকা। এর সাত মিনিট পর গুলেরের কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান রাউল আসেনসিও।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে ম্যানইউর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দ্বিতীয় দফার যাত্রায় নিখুঁত সূচনা পেয়েছেন মাইকেল ক্যারিক। দ্বিতীয়ার্ধে ব্রায়ান এমবিউমো ও প্যাট্রিক ডরগুর গোলে ম্যানচেস্টার সিটির লিগ শিরোপার স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে ম্যানইউ। সিটিকে হারিয়েছে ২-০ গোলে। ৬৫ মিনিটে প্রথম গোলটি করেন এমবিউমো, ৭৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন প্যাট্রিক ডরগু।








