লা লিগার শিরোপা লড়াই নাটকীয় মোড় নিয়েছে। ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধে দুই দল তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি। তবে বিরতির পর আলভারো আরবেলোয়ার শিষ্যরা অনেক বেশি গুছিয়ে খেলতে থাকে। যার ফলও মিলেছে। ৪৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের নিচু ক্রস ভিয়ারিয়ালের রক্ষণ ক্লিয়ার করতে গিয়ে ঠিক এমবাপ্পের সামনে বল ঠেলে দিলে কাছ থেকে জোরালো শটে জাল কাঁপান পাঠান ফরাসি তারকা।
দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস আক্রমণ হানলেও গোলের দেখা পাননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাতে অবশ্য রিয়ালের আধিপত্য অব্যাহত থাকে। ৬২ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় ভিয়ারিয়াল। দানি পারেহোর দ্রুত নেওয়া ফ্রি-কিকে ফাঁকা পোস্ট পেয়েও শট গোলবারের ওপর দিয়ে মারেন জেরার্দ মোরেনো।
শেষ পর্যন্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয় নিশ্চিত করেন এমবাপ্পে। আলফোনসো পেদ্রাসা ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে পানেনকা স্টাইলে মাঝ বরাবর বল পাঠিয়ে গোল করেন তিনি।
জানুয়ারিতে লা লিগা পুনরায় শুরুর সময় বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল। গত সপ্তাহে তারা রিয়াল সোসিয়েদাদের কাছে অপ্রত্যাশিত হার দেখলে শিরোপা লড়াইয়ে ফেরার সুযোগ পায় লস ব্লাঙ্কোসরা।
বর্তমানে দুই পয়েন্ট ব্যবধানে লিগের শীর্ষে রয়েছে রিয়াল (৫১)। রবিবার লিগের তলানির দল রিয়াল ওভিয়েদোর বিপক্ষে জয় পেলে আবারও শীর্ষস্থান ফিরে পাবে বার্সেলোনা (৪৯)।







