প্রথমার্ধে সেনেগাল বেশ চাপে ফেলেছিল ফ্রান্সকে। আফ্রিকার দলটি কয়েকবার গোলের সুযোগও তৈরি করেছিল, কিন্তু ভাগ্য সহায় হয়নি। বিরতির পর অবশ্য স্বরূপে ফেরে দিদিয়ের দেশমের দল। তিন গোল করে ম্যাচ নিজেদের করে নেয় ফরাসিরা। সেনেগাল শেষ দিকে একটি গোল শোধ দিলেও সেটি ছিল কেবল ব্যবধান কমানোর।
এই ম্যাচে জোড়া গোল করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের শুরুতেই দলকে জয় এনে দিয়ে ফরাসি ফরোয়ার্ড দিয়েছেন আত্মবিশ্বাসের বার্তা। আর তাকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন কোচ দিদিয়ের দেশম।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘আই’-এর ম্যাচে প্রথমার্ধে দল প্রত্যাশামতো খেলতে পারেনি বলে স্বীকার করেছেন দেশম। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোয় সন্তুষ্ট তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘আমি সবসময় খেলোয়াড়দের সঙ্গে স্পষ্ট কথা বলি। প্রথমার্ধটা মোটেও ভালো ছিল না। অনেক জায়গায় আমাদের আরও ভালো করা উচিত ছিল। আমি চিৎকার করি না, তবে আমার মনের কথা পরিষ্কারভাবে জানিয়ে দিই। এরপর সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব খেলোয়াড়দেরই।’
এদিন জোড়া গোল করে ফ্রান্সের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন এমবাপ্পে। দেশম বলেন, ‘মানুষ তার সমালোচনা করতেই থাকবে। কিন্তু সে একজন আইকনিক খেলোয়াড়, আমি সবসময়ই তা বলে এসেছি। একটি আক্রমণ দিয়েই সে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং দলকে জয় এনে দিতে পারে।’
তবে আক্রমণভাগের পাশাপাশি রক্ষণে এমবাপ্পের অবদান নিয়ে প্রায়ই সমালোচনা হয়। সেই সমালোচনারও জবাব দিয়েছেন দেশম।
ফরাসি কোচ বলেন, ‘সে এখানে রক্ষণভাগ সামলানোর জন্য আসেনি। যদি সে প্রথমার্ধে নিষ্ক্রিয় থাকে আর দ্বিতীয়ার্ধে নেমে দুটি গোল করে দলকে জেতায়, তাহলে আমার তাতে কোনও আপত্তি নেই।’
গ্রুপ পর্বে ফ্রান্সের পরবর্তী ম্যাচ ইরাকের বিপক্ষে। এরপর দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হবে নরওয়ের।








