বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের সামনে উত্তর আমেরিকা বিশ্বকাপে এবার গ্রুপ পর্বে প্রতিপক্ষ এশিয়ার নবাগত জর্ডান। অনেকেরই ধারণা ম্যাচটি একপেশে হবে। হয়তো বড় ব্যবধানে জিততে পারে লিওনেল মেসির দল। তবে সমর্থকরা যাই ধারণা করুক না কেন লিওনেল স্কালোনি কিন্তু প্রতিপক্ষকে মোটেও হালকা করে দেখছেন না। যদিও ভদ্রতার খাতিরে কোনও অপেক্ষাকৃত কম শক্তির দলকে কেউ সরাসরি হালকা করে দেখার কথা বলেন না।
ডালাস স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কোচ জর্ডানকে নিয়ে বিশ্লেষণ করেন। এশিয়া থেকে প্রথমবার খেলতে এসে যারা দুটি ম্যাচই হেরে এরই মধ্যে বিদায় নিয়েছে। তবে স্কালোনির মতে, তাদের ফুটবলে আকর্ষণীয় কিছু দিক রয়েছে। তিনি বলেন, “জর্ডান একটি ভালো দল যারা শেষ মুহূর্তের গোলে আলজেরিয়ার কাছে হেরেছে। অস্ট্রিয়ার বিপক্ষেও একই ঘটনা ঘটেছে। তারা ড্র করতে সক্ষম হয়েছিল এবং বিচ্ছিন্ন কিছু মুহূর্তের কারণে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছিল।”
এরপরই তার সমীহ ঝড়ানো কথা— “তারা বেশ ভালো প্রতিপক্ষ এবং আমরা মোটেও আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা আগের ম্যাচের তুলনায় কৌশলে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবো। কারণ সব খেলোয়াড় একই নয়, তবে লক্ষ্য থাকবে বল নিজের নিয়ন্ত্রণে রাখা, বলের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখা এবং তাদের দ্রুতগতির খেলোয়াড়দের কারণে পাল্টা আক্রমণগুলো প্রতিহত করা।”
এছাড়া এশিয়ান দলটির খেলার ধরনে পরিবর্তন এনে কৌশলগত কোনও রদবদল হতে পারে বলেও তিনি ব্যাখ্যা করে বলেন, “জর্ডান সাধারণত ৫-২-৩ বা ৫-৪-১ ফরমেশনে খেলে। আপনি যদি চারজনের রক্ষণভাগ নিয়ে খেলেন, তবে অনেক সময় এই সিস্টেমের কারণে আপনাকে ভিন্নভাবে নড়াচড়া করতে হয়। আমরা এই বিষয়ে কাজ করেছি এবং কোনও পরিবর্তন করতে হলে কীভাবে খেলতে হবে তা দল জানে, এতে আমাদের কোনও সমস্যা নেই।”







