বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে মুখ খুলেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড কোনো দলকেই আলাদা করে এগিয়ে রাখছেন না তিনি। তবে ব্যক্তিগত এক আবেগের জায়গা থেকে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনাই তাকে বেশি রোমাঞ্চিত করছে। কারণ, আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্ক্যালোনির সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব।
ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর দে লা ফুয়েন্তে বলেছেন সেই কথাই। তিনি বলেছেন, ‘আমাদের প্রতিপক্ষ বেছে নেওয়ার সুযোগ নেই। আর্জেন্টিনা ও ইংল্যান্ড দুই দলই সমান কঠিন। প্রত্যেকেরই নিজস্ব শক্তি রয়েছে এবং তারা ভিন্ন ধরনের ফুটবল খেলে।’
তবে আর্জেন্টিনাকে নিয়ে নিজের আবেগের কথা গোপন করেননি স্প্যানিশ কোচ, ‘লিওনেল স্ক্যালোনির সঙ্গে আমার বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলে সেটা অবশ্যই আমাকে বেশি রোমাঞ্চিত করবে।’
অবশ্য ইংল্যান্ডের প্রতিও সমান শ্রদ্ধা দেখিয়েছেন তিনি। তার মতে, টুর্নামেন্ট শুরুর আগ থেকেই ইংল্যান্ড ছিল শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার, ‘ইংল্যান্ডের ফুটবলের প্রতি আমার অনেক সম্মান। বিশ্বকাপ শুরুর আগেই আমি তাদের প্রকৃত শিরোপাপ্রত্যাশী হিসেবে বিবেচনা করেছিলাম। দুই অসাধারণ দলের লড়াই হবে এটি এবং প্রতিপক্ষ হিসেবে আমরা যে দলই পাই, তাদের স্বাগত জানাবো।’
ফ্রান্সের বিপক্ষে দারুণ জয়ের পর নিজের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসাও করেন স্পেন কোচ, ‘আজ আমরা বিশ্বের অন্যতম সেরা দলের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু তারা খেলেছে বিশ্বের সেরা দলের বিপক্ষে।’








