বিশ্বকাপের সেমিফাইনাল শুরুর আগেই দেখা দিয়েছে বিতর্ক। কারণ, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার মহারণে রেফারির দায়িত্ব পেয়েছেন মেজর লিগ সকার (এমএলএস)-এর অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাথ। আর এই নিয়োগের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ইংলিশ সমর্থক। তাদের দাবি, এলফাথের উপস্থিতি যেন লিওনেল মেসির জন্য সৌভাগ্যের প্রতীক।
পরিসংখ্যানও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এলফাথ যে পাঁচটি ম্যাচে রেফারি বা ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার প্রতিটিতেই জয় পেয়েছে মেসির দল। অর্থাৎ, এই রেফারির অধীনে হার দেখেননি আর্জেন্টাইন মহাতারকা।
মরক্কোয় জন্ম নেওয়া এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক এলফাথ বুধবারের ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল পরিচালনা করবেন। তার সহকারী হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস।
২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও চতুর্থ ম্যাচ অফিসিয়াল ছিলেন এলফাথ। সেই ম্যাচে রোমাঞ্চকর ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
এরপর ইন্টার মায়ামিতে যোগ দেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। সেখানে ২০২৩ সালে উদ্বোধনী লিগস কাপের ফাইনালেও প্রধান রেফারির দায়িত্বে ছিলেন এলফাথ। সেবারও টাইব্রেকারে ন্যাশভিল এসসিকে হারিয়ে ইন্টার মায়ামিকে শিরোপা এনে দেন মেসি।
দুইবারের এমএলএস তথা মেজর লিগ সকারের বর্ষসেরা রেফারি এলফাথ চলতি বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে জাপান-নেদারল্যান্ডস ও স্পেন-উরুগুয়ে ম্যাচে বাঁশি বাজানোর পাশাপাশি শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের জয়ের ম্যাচেও দায়িত্বে ছিলেন তিনি।









