বিশ্বকাপ ফাইনাল মানেই শুধু ফুটবলের লড়াই নয়, বিনোদনের সবচেয়ে বড় মঞ্চ। এবারের ফাইনালেও তার ব্যতিক্রম নয়। ম্যাচ শুরুর আগে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান, জাতীয় সংগীত পরিবেশনা এবং বিরতিতে তারকাখচিত হাফটাইম শো মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে স্মরণীয় এক আয়োজন।
কাল রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচ শুরুর আগে থাকবে প্রায় ৯০ মিনিটের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। এরপর যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে শিরোপার লড়াই।
ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হাইমো শির্গি বলেছেন, উদ্বোধনী অনুষ্ঠানের মতোই সমাপনী আয়োজনও সংগীত, সংস্কৃতি ও ফুটবলের মাধ্যমে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই বিশ্বকাপের যাত্রাকে পূর্ণতা দেবে।
জাতীয় সংগীত গাইবেন জেনিফার হাডসন
ফাইনাল শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ‘দ্য স্টার-স্প্যাঙ্গলড ব্যানার’ পরিবেশন করবেন অস্কার ও গ্র্যামিজয়ী শিল্পী জেনিফার হাডসন।
সমাপনী অনুষ্ঠানে থাকছেন যেসব তারকা
ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন বিশ্বের কয়েকজন জনপ্রিয় তারকা। তারা হচ্ছেন-
টম ক্রুজ- ‘মিশন: ইম্পসিবল’ খ্যাত হলিউড সুপারস্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আইশোস্পিড — বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্রিমারও সমাপনী অনুষ্ঠানের অংশ হবেন।
পোস্ট ম্যালোন — সর্বশেষ যুক্ত হওয়া এই মার্কিন সংগীত তারকা ফাইনালের আগে বিশেষ পরিবেশনায় দর্শকদের উজ্জীবিত করবেন।
রবি উইলিয়ামস — ফিফার প্রথম সংগীত দূত এবং প্রথম ফিফা সংগীত ‘ডিজায়ার’-এর শিল্পী।
নিকোল শেরজিঙ্গার — পুসিক্যাট ডলসের সাবেক তারকা, যিনি রবি উইলিয়ামসের সঙ্গে ‘ডিজায়ার’ পরিবেশন করবেন।
লরা পাওসিনি — গ্র্যামিজয়ী ইতালীয় গায়িকা। তিনি ‘ডিজায়ার’-এর স্প্যানিশ অংশ পরিবেশন করবেন।
হাফটাইম শো মাতাবেন যারা
ফাইনালের বিরতিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আকর্ষণীয় হাফটাইম শো। এর পরিচালনার দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
পারফর্ম করবেন-
জাস্টিন বিবার — কোচেলায় আলোচিত পারফরম্যান্সের পর প্রথমবারের মতো বড় আন্তর্জাতিক মঞ্চে গান গাইবেন কানাডিয়ান পপ তারকা।
ম্যাডোনা — কিংবদন্তি এই মার্কিন শিল্পীর ‘রিড মাই লিপস’ গানটি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যালবামে রয়েছে।
শাকিরা — উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা কলম্বিয়ান তারকার ‘দাই দাই’ গানটি এবারের বিশ্বকাপের অফিসিয়াল সং।
গুস্তাভো দুদামেল — লস অ্যাঞ্জেলেস ফিলহারমোনিকের মিউজিক ডিরেক্টরও এই আয়োজনে অংশ নেবেন।
বিটিএস — দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ডের পরিবেশনাও থাকবে হাফটাইম শোর অন্যতম আকর্ষণ।









