বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় অধিনায়ক লিওনেল মেসির ড্রেসিংরুমে দেওয়া একটি বক্তব্যের ভিডিও। সেই ভিডিও ঘিরে শুরু হয় জল্পনা। দলের ভেতরে কোনও অশান্তি ছিল? এসব বিতর্কেই নতুন তথ্য হাজির করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাবা।
ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে মেসিকে বলতে শোনা যায়, ,‘চলো বন্ধুরা, শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা। সবকিছু ভুলে যাও। শুধু খেলো। ম্যাচেই মনোযোগ দাও।’
এই বক্তব্য শুনে অনেকের ধারণা হয়, ম্যাচের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে কোনও সমস্যা বা উত্তেজনা তৈরি হয়েছিল। এমন জল্পনার পর ছেলেকেই প্রশ্ন করেছিলেন ম্যাক অ্যালিস্টারের বাবা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক অ্যালিস্টারের বাবা জানান, ভিডিওটি দেখার পর তিনিও সন্দিহান হয়ে পড়েছিলেন, ‘আমি অ্যালেক্সিসকে মেসেজ করে জিজ্ঞেস করেছিলাম, ড্রেসিংরুমে কী হয়েছিল? কোনও সমস্যা হয়েছিল? আমি যদি এমনটা ভাবি, তাহলে অন্যরা কী ভাবতে পারে, সেটা সহজেই বোঝা যায়।’
তখন ম্যাক অ্যালিস্টার বাবাকে জানিয়েছেন, ড্রেসিংরুমে কোনও ধরনের সমস্যা ছিল না। পুরো আলোচনাই ছিল ম্যাচের কৌশল নিয়ে, ‘সে আমাকে বলেছে, আলোচনা ছিল কীভাবে ফুটবল খেলতে হবে তা নিয়ে। বল মাটিতে রেখে খেলতে হবে, দ্রুত পাস দিতে হবে, ত্রিভুজ তৈরি করতে হবে এবং অকারণে লম্বা বল খেলা যাবে না। আসলে এ বিষয়গুলোই বোঝানো হচ্ছিল।’
আরও পড়ুন: ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
তিনি আরও বলেন, ‘ভিডিওটি ভাইরাল হওয়ার পর গত কয়েক দিনে অনেকেই আমাকে এ নিয়ে প্রশ্ন করেছেন।’
এদিকে, ফাইনালের পর কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, স্পেনের বিপক্ষে কৌশল নিয়ে কোচ লিওনেল স্ক্যালোনি ও মেসির মধ্যে মতবিরোধ হয়েছিল। তবে ম্যাচ শেষে স্ক্যালোনি এসব গুঞ্জন একেবারেই নাকচ করে দেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। এসব সম্পর্কে আমার কোনও ধারণাই নেই। আপনারা কী জিজ্ঞেস করছেন, আমি বিশ্বাসই করতে পারছি না। আমরা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে ভাবছি।’









