বাবার মৃত্যুতে জন্মশহরে মেসি, ম্যাচের আগে শ্রদ্ধা জানালো মায়ামি

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৬, ১১:১৭আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১১:২০

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকাহত ফুটবল বিশ্ব। হোর্হে মেসি আর্জেন্টিনার কিংবদন্তির ক্যারিয়ার গড়ার নেপথ্যের অন্যতম নায়কও। বাবার মৃত্যুতে মেসি এখন তার জন্মশহর আর্জেন্টিনার রোজারিওতে। এদিকে মেসিবিহীন ইন্টার মায়ামি লিগস কাপের গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্তেরেরির কাছে ২-১ গোলে হেরেছে। ম্যাচের আগে মেসির বাবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মায়ামির খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।

শনিবার দিনের শুরুতে রোজারিওর একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। পরে ব্যক্তিগত স্মরণসভায় যোগ দিতে বিমানে রোজারিও পৌঁছান মেসি। তিনি কবে মায়ামিতে ফিরবেন, তা এখনো জানা যায়নি।

মায়ামির নু স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে জায়ান্ট স্ক্রিনে হোর্হে মেসির নাম দেখানো হয়। এরপর এক মিনিট নীরবতা পালন করেন দর্শক ও খেলোয়াড়েরা। ম্যাচের ১০ মিনিটে মেসির জার্সি নম্বরের সঙ্গে মিল রেখে গ্যালারিতে সমর্থকেরা তার প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন ও পতাকা ওড়ান। একটি পতাকায় লেখা ছিল, ‘ফুয়ের্সা লিও’—অর্থাৎ ‘শক্ত থাকো লিও’।

মেসির অনুপস্থিতিতে মায়ামির অধিনায়কত্ব করেন তার আর্জেন্টিনা ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল। ৩২ মিনিটে তিনিই গোল করে মায়ামিকে এগিয়ে দেন। গোলের পর জার্সি খুলে নিচে থাকা মেসির ১০ নম্বর জার্সি দেখান ডি পল। এভাবেই শোকের দিনে সতীর্থ মেসিকে স্মরণ করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

গোলের পর জার্সি খুলে নিচে থাকা মেসির ১০ নম্বর জার্সি দেখান দি পল

তবে শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি মায়ামি। হুগো কুইপার্সের গোলে সমতা ফেরানোর পর ম্যাচের শেষদিকে দিয়েগো রসির গোলে জয় নিশ্চিত করে মন্তেরেরি। ফলে লিগস কাপের নকআউট পর্বে ওঠার আশা টিকিয়ে রাখল মেক্সিকোর দলটি। অন্যদিকে হারের ফলে পরের পর্বে যাওয়ার সম্ভাবনায় বড় ধাক্কা খেল মায়ামি।

ম্যাচের আগে মায়ামি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির প্রতি সমবেদনা জানায়। ক্লাবটি লিখেছে, ‘আমাদের হৃদয় আমাদের অধিনায়ক লিও এবং পুরো মেসি পরিবারের সঙ্গে।’

মেসির দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজও তাকে সমবেদনা জানিয়েছেন। নিষেধাজ্ঞার কারণে অবশ্য এদিনের ম্যাচে খেলেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে উদ্দেশ করে সুয়ারেজ লেখেন, ‘বন্ধু, আমি তোমাকে ও তোমার পরিবারকে শক্ত করে জড়িয়ে ধরছি। তোমার বাবা ওপর থেকে আগের মতোই গর্বের সঙ্গে তোমাকে দেখে যাবেন। এই কঠিন সময়ে মেসি পরিবারের প্রতি আমার সব ভালোবাসা। শান্তিতে থাকুন, হোর্হে।’

ম্যাচ শেষে ইন্টার মায়ামির নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়। তবে মন্তেরেরির কোচ মাতিয়াস আলমেইদা সংবাদ সম্মেলনের শুরুতেই মেসির পরিবারের প্রতি সমবেদনা জানান। সাবেক আর্জেন্টাইন এই ফুটবলার বলেন, এই ক্ষতির জন্য মেসির পরিবারের প্রতি তার ও তার পরিবারের পক্ষ থেকে সমবেদনা রয়েছে।

মেসির অনুপস্থিতি ম্যাচে কী প্রভাব ফেলতে পারে, এমন ভাবনা তার মাথায় ছিল না বলেও জানান আলমেইদা। তার মতে, এমনটা ভাবলে তিনি ‘ভয়ংকর একজন মানুষ’ হয়ে যেতেন। নিজের ঘনিষ্ঠ বন্ধুর বাবা মারা গেলেও যে কষ্ট হয়, মেসির ক্ষেত্রেও তিনি সেই কষ্টই অনুভব করেছেন বলে জানান মন্তেরেরির কোচ।

চলতি লিগস কাপে মায়ামির প্রথম ম্যাচে মেসি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। বুধবার আতলেতিকো দে সান লুইসের বিপক্ষে ৪-২ গোলের জয়ে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেন তিনি। তবে বাবার মৃত্যুর কারণে দ্বিতীয় ম্যাচে দলের সঙ্গে ছিলেন না তিনি।

জায়ান্ট স্ক্রিনে জর্জ মেসির নাম

মেসির ফুটবল ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার বাবা হোর্হে মেসির। তিনি মেসির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার ব্যবসায়িক বিষয়গুলোও দেখভাল করেছেন। ২০০০-এর দশকের শুরুর দিকে তরুণ মেসিকে নিয়ে বার্সেলোনায় গিয়েছিলেন হোর্হে। সেখানেই লা মাসিয়ার ট্রায়ালে অংশ নেন মেসি, যা তার পেশাদার ফুটবলের দরজা খুলে দেয়।

২০০৫ সালে পেশাদার ফুটবলে অভিষেকের পর মেসি আটবার ব্যালন ডি’অর জিতেছেন। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপও জিতিয়েছেন তিনি। বাবার অসুস্থতার মধ্যেই সম্প্রতি আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে নিজের প্রথম গোল করার পর কেঁদে ফেলেছিলেন তিনি। পরে জানিয়েছিলেন, তার কান্নার কারণ খেলাধুলার সঙ্গে সম্পর্কিত ছিল না।

২০০৭ সালে এক সাক্ষাৎকারে বাবার ভূমিকা স্মরণ করে মেসি বলেছিলেন, ‘আমার বাবা সব সময় আমার পাশে ছিলেন।’ বার্সেলোনায় শুরুর সময়কার কঠিন দিনগুলোর স্মৃতিচারণ করে তিনি বলেছিলেন, দুজনই নিজেদের কষ্ট লুকিয়ে রাখার চেষ্টা করতেন। তখন তার বাবা তাকে জিজ্ঞেস করতেন, তিনি সেখানে থাকতে চান নাকি ফিরে যেতে চান। মেসি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, আর তার বাবা তার সঙ্গে ছিলেন।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, যেভাবে পাওয়া যাবে
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, যেভাবে পাওয়া যাবে
নিজ ভূমিতেই কেন পরবাসী আদিবাসীরা?
নিজ ভূমিতেই কেন পরবাসী আদিবাসীরা?
অবশেষে প্রকাশ্যে মোজতবা খামেনির ভিডিও
অবশেষে প্রকাশ্যে মোজতবা খামেনির ভিডিও
সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে