বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা আর গোপন রাখছেন না হুলিয়ান আলভারেজ। বরং পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে আর মাঠেই নামতে চাইছেন না আর্জেন্টাইন তারকা। বার্সেলোনায় যোগ দেওয়ার আকাঙ্ক্ষায় ক্লাবটিতে বিদ্রোহের পথ বেছে নিয়েছেন তিনি।
শুক্রবার অলিম্পিক মার্শেইর বিপক্ষে ২-১ গোলের প্রীতি ম্যাচে অ্যাতলেতিকোর স্কোয়াডে ছিলেন না আলভারেজ। আর্জেন্টাইন টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনের দাবি, আলভারেজ নিজেই তাকে দলে না রাখার অনুরোধ করেছিলেন। এমনকি কোচ ডিয়েগো সিমিওনেকে তিনি নাকি জানিয়ে দিয়েছেন, ‘অ্যাতলেতিকোর হয়ে আর খেলতে চান না।’
শুধু আলভারেজই নন, তার প্রতিনিধিরাও বিষয়টি দ্রুত সমাধানের জন্য ক্লাব কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল আনহেল গিল-এর নেতৃত্বে কর্মকর্তাদের কাছে আলভারেজদের বার্তাও পরিষ্কার- বার্সেলোনায় তার সম্ভাব্য ট্রান্সফার যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে।
মূলত বিশ্বকাপের ছুটি কাটিয়ে সপ্তাহের শুরুতে অ্যাতলেতিকোর অনুশীলনে ফেরার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।
মুন্দো দিপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী আলভারেজ সোমবারই সিমিওনে ও গিলের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু সেদিন অনুশীলন মাঠে দুজনের কাউকেই পাননি তিনি।
এরপরই নাকি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন আলভারেজ। প্রতিবেদনে বলা হয়েছে, উপস্থিত ব্যক্তিদের সামনে নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং জানিয়ে দেন যে, আর অ্যাতলেতিকোয় খেলতে চান না।
এমনকি পরিস্থিতি আরও খারাপ হলে অনুশীলন না করে ধর্মঘটে যাওয়ার মতো কঠোর পদক্ষেপও নিতে পারেন তিনি!
এখন বার্সেলোনায় যাওয়ার জন্য আলভারেজের মরিয়া অবস্থানের মধ্যেই সামনে এসেছে আরও বড় প্রশ্ন- বুধবার লা লিগার প্রথম ম্যাচে মালাগার বিপক্ষে কি মাঠে নামবেন তিনি?
সিমিওনে অবশ্য ম্যাচটিতে আলভারেজকে পাওয়ার আশা করছেন। কিন্তু এখন সেই সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। টিওয়াইসি স্পোর্টসের দাবি, আর্জেন্টাইন ফরোয়ার্ড ইতোমধ্যে ম্যাচটি খেলার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। কারণ, বর্তমান পরিস্থিতিতে মানসিকভাবে মাঠে নামার অবস্থায় নেই তিনি।
এরই মধ্যে অ্যাতলেতিকো সমর্থকদের একাংশের ক্ষোভের মুখেও পড়েছেন আলভারেজ। ট্রান্সফার নিয়ে চলমান জল্পনা-কল্পনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
উল্লেখ্য, আলভারেজকে নিয়ে বার্সেলোনা ও অ্যাতলেতিকোর টানাপোড়েন কয়েক সপ্তাহ ধরেই চলছে। প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা আলভারেজকে পেতে ১২ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু অ্যাতলেতিকো সেটি প্রত্যাখ্যান করেছে।
মাদ্রিদের ক্লাবটি বরং আলভারেজের চুক্তিতে থাকা ৫০ কোটি ইউরোর রিলিজ ক্লজ পরিশোধের দাবিতে অনড়। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে ৭ কোটি ৫০ লাখ ইউরোতে অ্যাতলেতিকোয় যোগ দিয়েছিলেন আলভারেজ। তার বর্তমান চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত।
অ্যাতলেতিকোর অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ২০ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন। এখন সেই তারকাই ক্লাব ছাড়ার দাবিতে অনড়!








