ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমের প্রস্তুতিতে একের পর এক চমক দেখাচ্ছে আবাহনী লিমিটেড। দলের প্রধান কোচ হিসেবে অভিজ্ঞ মারুফুল হক দায়িত্ব পালন করছেন। এবার তার কোচিং স্টাফেও যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের একজন কোচ। এএফসি ‘এ’ লাইসেন্সধারী গোলকিপিং কোচ শাহজাদ আনোয়ার আসলাম খানকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে আবাহনী।
পাকিস্তান জাতীয় দলের কোচিং স্টাফেও সাম্প্রতিক সময়ে পরিবর্তন এসেছে। প্রধান কোচ নোলেবার্তো সোলানোর অধীনে ফিফা আসিয়ান কাপের প্রস্তুতির সময় কোচিং স্টাফে পরিবর্তনের পর আসলাম খানকে আর রাখা হয়নি। এরপরই আবাহনীর কাছ থেকে প্রস্তাব পেয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আসলাম খান এরই মধ্যে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে গোলকিপিং কোচ হিসেবে কাজ করেছেন। এবার তার ঠিকানা হতে যাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী।
আবাহনীতে দীর্ঘদিন গোলকিপিং কোচের দায়িত্ব পালন করেছেন আতিকুর রহমান। নতুন মৌসুমে তার জায়গায় পাকিস্তানের আসলাম খানকে দেখা যেতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর প্রধান কোচ মারুফুল হক।
এদিকে আবাহনীর খেলোয়াড় সংগ্রহের কাজও চলছে। শুক্রবার আবাহনীর হয়ে খেলতে ঢাকায় আসছেন পাকিস্তানের এক ফুটবলার। তবে নাইজেরিয়া থেকে চার ফুটবলার কবে ঢাকায় আসবেন, তা এখনও নিশ্চিত নয়। তাদের নিয়ে বেশ আগে থেকেই প্রক্রিয়া শুরু হলেও এখন পর্যন্ত ভিসা হয়নি।









