বয়স মাত্র ১৭। এরই মধ্যে একের পর এক ইতিহাস লিখে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। যুক্তরাষ্ট্রের জাতীয় দল ও ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার এবার জায়গা করে নিয়েছেন মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসেও। সেপ্টেম্বরে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে লিগটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ‘প্লেয়ার অব দ্য মান্থ’ এর কীর্তি গড়েছেন তিনি।
বুধবার সুলিভানের হাতে ওঠেছে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এর আগে ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের হয়ে শুরুর একাদশে নাম লিখিয়েও ইতিহাস গড়েন সুলিভান। ২০০৬ সালে ফ্রেডি আদুর পর তিনিই সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্রের হয়ে কোনো ম্যাচে শুরু থেকে মাঠে নামেন। গত শনিবার পেরুর বিপক্ষে ৪-১ গোলের প্রীতি ম্যাচে কোচ মরিসিও পচেত্তিনোর একাদশে জায়গা পেয়েছিলেন তিনি।
পেরুর বিপক্ষে ওই ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হয় মোট ১১ জনের। তাদের মধ্যে সুলিভানসহ ছিলেন আরও সাত কিশোর ফুটবলার।
২৮ সেপ্টেম্বর ১৭ বছরে পা দেওয়া সুলিভান মঙ্গলবার চিলির বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৪-২ গোলের প্রীতি ম্যাচেও মাঠে নামেন। তবে এবার বদলি হিসেবে খেলেছেন তিনি।
ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে চলতি মৌসুমে সুলিভানের পারফরম্যান্সও নজরকাড়া। ২৬ ম্যাচে তার গোল সাতটি, অ্যাসিস্ট ১২টি। তার দলও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে ইস্টার্ন কনফারেন্সের ষষ্ঠ স্থানে উঠে এসেছে। এমএলএসে এখন পর্যন্ত ১ হাজার ৬৭৫ মিনিট খেলেছেন সুলিভান।
চলতি মৌসুমে তার মোট ১৯টি গোলে অবদান। কিশোর খেলোয়াড় হিসেবে এক মৌসুমে এমএলএসে এটি দ্বিতীয় সর্বোচ্চ, যা ২০১৮ সালে আলফোনসো ডেভিসের করা ১৯ গোল অবদানের সমান। এই তালিকায় সবার ওপরে আছেন দিয়েগো ফাগুন্দেজ। ২০১৩ সালে ২০টি গোলে অবদান রেখেছিলেন তিনি।
বিশ্বকাপ বিরতির পর থেকে ফিলাডেলফিয়া ইউনিয়নের দারুণ দাপটও সুলিভানের পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়েছে। টানা ১২ ম্যাচ অপরাজিত থেকে এই সময়ে ৩২ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। এমএলএস ইতিহাসে ১২ ম্যাচের কোনো পর্বে একটি ক্লাবের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ডের সঙ্গে এটি যৌথভাবে সেরা।
এই ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই শুরু থেকে খেলেছেন সুলিভান। এর মধ্যে আট ম্যাচেই গোল কিংবা অ্যাসিস্ট করে দলের সাফল্যে সরাসরি অবদান রেখেছেন তিনি।
ফিফা আন্তর্জাতিক বিরতির পর আগামী ১০ অক্টোবর মাঠে ফিরবে সুলিভান ও ফিলাডেলফিয়া ইউনিয়ন। সেদিন সাবারু পার্কে রিয়েল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও এমএলএসে ফিরবে দলটি।