‘মেসির সঙ্গে তুলনা নয়, ফারহানের গোল দেশের সেরা তিনে থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ নভেম্বর ২০২৬, ১৩:৫০ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৩:৫০

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠার আনন্দের সঙ্গে দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে ছিল সতীর্থ ফারহান আলী ওয়াহিদের প্রশংসাও। শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের করা দুর্দান্ত গোলটিকে জাতীয় স্টেডিয়ামে দেখা সেরা গোলগুলোর একটি মনে করছেন তিনি। এমনকি হামজা দেওয়ান চৌধুরীর বাইসাইকেল কিকের গোলের সঙ্গে ফারহানের গোলটিকেও সেরার তালিকায় রেখেছেন জামাল।

ম্যাচের পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাল বলেন, ‘সম্ভবত জাতীয় স্টেডিয়ামে দেখা সেরা গোলগুলোর একটি এটি। আমার মনে হয়, হামজার বাইসাইকেল কিক এবং গতকাল ফারহানের করা গোলটি সেরা তিনের মধ্যে থাকবে।’

ফারহানের গোলের ধরন দেখে অনেকে সেটিকে লিওনেল মেসি, নেইমার কিংবা লামিনে ইয়ামালের সঙ্গে তুলনা করছেন। তবে এমন তুলনায় যেতে চান না জামাল। তার চাওয়া, অন্য কারও সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয়েই বড় হোক ফারহান।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি চাই ফারহান নিজের প্রোফাইল বড় করুক। অন্য খেলোয়াড়দের সঙ্গে তার তুলনা করার প্রয়োজন নেই। বাংলাদেশের সমর্থকেরা সবাই বলে, আমার মেসি, আমার লামিনে ইয়ামাল। কিন্তু আমি চাই, সে নিজের নাম বড় করুক। এটা ফারহান আলীর গোল, অন্য কোনও খেলোয়াড়ের গোল নয়।’ 

শ্রীলঙ্কার বিপক্ষে চার গোল করার পাশাপাশি কোনও গোল হজম না করায় দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জামাল। তবে সেমিফাইনাল নিয়ে এখনই ভাবতে চান না তিনি। পরবর্তী ম্যাচে পাকিস্তানকে নিয়েই দলের মনোযোগ। জামালের মূল্যায়নে, শ্রীলঙ্কার চেয়ে ভালো দল পাকিস্তান।

তিনি বলেন, ‘ম্যাচ ভালো ছিল। আমরা চারটি গোল করেছি, এটা ভালো দিক। আবার ক্লিন শিটও রেখেছি। সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। এখন আমাদের মনোযোগ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। আমার মনে হয়, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।’

পাকিস্তান ম্যাচের আগে দলের পুরো স্কোয়াডকে প্রয়োজন বলে মনে করছেন জামাল। কারণ অল্প সময়ের ব্যবধানে ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশকে। তার ওপর চোটের কারণে সাদ উদ্দিনের ছিটকে যাওয়ায় বিকল্প খেলোয়াড়ের প্রয়োজনীয়তাও বেড়েছে।

জামাল বলেন, ‘পুরো স্কোয়াড প্রয়োজন। গতকাল একটি ম্যাচ খেলেছি, এর দুই দিন পর আবার ম্যাচ। সাদ উদ্দিন চোটে পড়েছে। ফলে সেখানে বিকল্প দরকার। আপনারা দেখেছেন, হৃদয়কে সেন্টারব্যাক হিসেবে খেলতে হয়েছে। তাই পুরো স্কোয়াডই আমাদের প্রয়োজন।’

সাদের চোটের অবস্থা নিয়ে জামাল আরও বলেন, ‘আমি শুনেছি, ওর অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। সে ক্ষেত্রে অন্তত এক বছর মাঠের বাইরে থাকতে হবে।’

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে হামজা দেওয়ান চৌধুরীর অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন জামাল। তার মতে, হামজা শুধু দলের সেরা খেলোয়াড়ই নন, বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকাও।

জামালের ভাষায়, ‘হামজা অধিনায়কত্ব পাওয়ার যোগ্য। সে ভালো খেলেছে। সম্ভবত সে বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়। নিঃসন্দেহে সে সবচেয়ে বড় তারকা, দলের সেরা খেলোয়াড়। হামজার জন্য আমি খুব খুশি।’

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
কপ ৩১ সম্মেলনে বাংলাদেশ: প্রত্যাশা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ 
কপ ৩১ সম্মেলনে বাংলাদেশ: প্রত্যাশা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ 
‘মেসির সঙ্গে তুলনা নয়, ফারহানের গোল দেশের সেরা তিনে থাকবে’
‘মেসির সঙ্গে তুলনা নয়, ফারহানের গোল দেশের সেরা তিনে থাকবে’
রুশ হামলায় ইউক্রেনে তীব্র বিদ্যুৎ সংকট, ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে দেশ
রুশ হামলায় ইউক্রেনে তীব্র বিদ্যুৎ সংকট, ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে দেশ
আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা