শেষ মুহূর্তের হারে হৃদয় ভাঙলেও সতীর্থদের পাশে হামজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ নভেম্বর ২০২৬, ১৩:৫১ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৫১

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। এই হারের পর হতাশা লুকাতে পারেননি অধিনায়ক হামজা চৌধুরী। তবে দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবনের ভুলে গোল হজম করলেও কোনও সতীর্থকে এককভাবে দায়ী করতে রাজি নন তিনি। বরং সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন, এ হারের জন্য যেন কোনও খেলোয়াড়কে আলাদাভাবে দোষারোপ করা না হয়।

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে আবদুল সামাদ শেহজাদের গোলে জয় নিশ্চিত করে পাকিস্তান। তাতেই ১-০ ব্যবধানে হেরে সাফের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয় স্বাগতিকদের। ২০০৫ সালের পর প্রথমবার ফাইনালে ওঠার সুযোগও হাতছাড়া করে বাংলাদেশ।

ম্যাচের বেশিরভাগ সময় পাকিস্তানকে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবনের ভুল থ্রো-আউট থেকে বল পেয়ে গোলের সুযোগ কাজে লাগায় পাকিস্তান। তাতেই ভেঙে যায় বাংলাদেশের স্বপ্ন।

ম্যাচ শেষে মিক্সড জোনে নিজের হতাশার কথা জানাতে গিয়ে হামজা বলেন, ‘খুব, খুব, খুবই হৃদয়বিদারক। শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও পুরো জাতির জন্যই এটা অনেক বড় কষ্টের। তবে আল্লাহর ইচ্ছা, এর বাইরে আর কী বলার আছে।’

শেষ মুহূর্তের ওই ভুলের কারণে কোনও খেলোয়াড়কে দায়ী করতে চান না বাংলাদেশ অধিনায়ক। তার মতে, ফুটবল দলীয় খেলা, তাই হারের দায়ও সবার। হামজা বলেন, ‘কেউ আমাদের কাউকে দোষ দিতে পারে না। আমরা ১১ জন মিলে খেলেছি, প্রতিপক্ষও ১১ জন ছিল। তাই কোনও একজনকে আলাদাভাবে দায়ী করা যায় না।’

প্রথমার্ধে পাকিস্তান ইচ্ছা করেই নিজেদের গুটিয়ে রেখেছিল কি না, এমন প্রশ্নের জবাবে হামজা অবশ্য একমত হননি। তার ধারণা, বিরতির সময় কৌশল পরিবর্তন করেছিল প্রতিপক্ষ। তিনি বলেন, ‘না, না, না। আমার তা মনে হয় না। আমার মনে হয়, বিরতির সময় তারা খেলার পরিকল্পনা পরিবর্তন করেছে।’

পাকিস্তানের আক্রমণভাগ নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন এই মিডফিল্ডার। তার মতে, পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি প্রতিপক্ষ। কিন্তু পাওয়া একমাত্র সুযোগটিই কাজে লাগিয়েছে তারা। হামজার ভাষায়, ‘তারপরও তারা মাত্র একটি সুযোগ তৈরি করেছে, আর কিছু করতে পারেনি। এটাই তো ফুটবল। তারা সেই একটি সুযোগ পেয়েছে এবং গোল করেছে। আর কী বলার আছে!’

ম্যাচে বিশেষ করে প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেগুলো কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয়েছে শেষ পর্যন্ত। অন্যদিকে, শেষ দিকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠেছে দলটি।

২০০৩ সালে সবশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২৩ বছর পর ঘরের মাঠে সেই শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছিলেন হামজা-জামালরা। কিন্তু ফাইনালের এক ধাপ আগে থেমে গেল বাংলাদেশের অভিযান। হতাশার এই বিদায়ের পরও সতীর্থদের পাশে দাঁড়িয়ে অধিনায়ক হামজার বার্তা—হারের দায় কোনও একজনের নয়।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’
বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন
হামজাকে ১০ এ ১০ দিলেন ডুলি
সর্বশেষ খবর
কর্মক্ষেত্রে নারীর প্রবেশ এখন আর শখের বিষয় নয়, প্রয়োজন
কর্মক্ষেত্রে নারীর প্রবেশ এখন আর শখের বিষয় নয়, প্রয়োজন
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী
ফ্যাসিবাদী আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে প্রশাসনের সঙ্গে মাঠে থাকবে বিএনপি
ফ্যাসিবাদী আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে প্রশাসনের সঙ্গে মাঠে থাকবে বিএনপি
ব্যাটিংয়ে বাংলাদেশ, মাহফিজুলের অভিষেক
ব্যাটিংয়ে বাংলাদেশ, মাহফিজুলের অভিষেক
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ