কর্মক্ষেত্রে নারীর প্রবেশ এখন আর শখের বিষয় নয়, প্রয়োজন

শাহানা হুদা রঞ্জনা
১৫ নভেম্বর ২০২৬, ১৪:০০ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৪:০০

একটা সময় ছিল যখন নারী সংসার সামলাতেন, টাকা আয়ের দায়িত্ব ছিল পুরুষের। পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তিটি যতদিন বেঁচেছিলেন, ততদিন সংসার চালনার সব দায়িত্ব উনি একা হাতেই সামলেছেন। কিন্তু যেদিন উনি নাবালক সন্তান এবং স্ত্রীকে ছেড়ে চলে গেলেন, সেদিনই মাথায় আকাশ ভেঙে পড়ে সেই পরিবারের। কারণ কোনো টাকা-পয়সা না রেখে, সংসারের প্রধান চলে গেলেন অসময়ে। সেইসময় আয়ের সংস্থান না থাকা সেই পরিবারের গৃহিনীর পক্ষে সংসার চালিয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠে। দেশে এরকম ঘটনা একটি নয়, অসংখ্য। শুধু একজনের আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলো এইভাবেই বিপদে পড়ে। 

অন্যদিকে যে নারী সম্পূর্ণভাবে স্বামীর আয়ের ওপর নির্ভরশীল, যাকে ধনসম্পদ নিয়ে ভাবতে হয়নি, যাকে স্বামী চাকরি করতে দেয়নি ভালবেসে; তাকেও মাঝেমধ্যে বিপদে পড়তে হতে পারে। কিন্তু যখন কোনও কারণে নারী-পুরুষের সম্পর্ক ভেঙে যায়, তখন স্ত্রী ও তার সন্তানদের জীবনেও অন্ধকার নেমে আসতে পারে। আসলে সংসারে স্বামী-স্ত্রীর এই সম্পর্কটা যেমন শক্ত, তেমনি ততোটাই ভঙ্গুর। 

তাছাড়া গত ২০ থেকে ২৫ বছরে আমাদের জীবনযাত্রার ব্যয় এতোটাই বৃদ্ধি পেয়েছে যে এখন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোতে একজনের আয়ে সংসার চালানোটা, রীতিমতো চ্যালেঞ্জিং। কাজেই শুধু একজনের আয়ে সংসার চালানোর চিন্তা থেকে পরিবার ও সমাজ ধীরে ধীরে বের হয়ে আসতে শুরু করেছে।

বাংলাদেশে মেয়েরা শিক্ষায় এগিয়ে যাচ্ছে এবং মোট শিক্ষার্থীর প্রায় অর্ধেকই নারী। পোশাকশিল্পসহ অনেকগুলো খাতে নারীরা কাজ করছেন সমানতালে। নারীর আয় এখন আর সেকেন্ডারি বিষয় না, এটি অপরিহার্য। শুধু পারিবারিক ও সামাজিক প্রয়োজনে নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যও নারীর আয় দরকার। ব্যক্তিগত বিপদের কথা মাথায় রেখেও নারীর কর্মজগতে স্থায়ী হওয়া উচিত। যদিও দুর্ভাগ্যজনকভাবে দেশে সংখ্যায় এবং কর্মক্ষমতার দিক থেকে নারী বেশি হলেও, শ্রমে সুযোগ কম।

এছাড়া যেসব খাতে নারীর কাজের মজুরি ও পদ এবং ক্ষমতা পুরুষের সমান, সেইসব কাজ থেকে নারী ছিটকে পড়ছেন। বাংলাদেশের অর্থনীতির ৮০ শতাংশের বেশি অনানুষ্ঠানিক খাত এবং এইসব খাতে নারীই বেশি যুক্ত, যা উন্নয়নের পথে বড় বাধা বলে অর্থনীতিবিদরা মনে করেন। ঠিক এরকম একটা পরিস্থিতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এক অনুষ্ঠানে বলেছেন স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা তার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। একজন চাকরি করলে পরিবারের জন্য ভালো হয়। উনি যুক্তি দিয়েছেন, বাবা-মা দুজনই চাকরি করলে এর প্রভাব সন্তানদের ওপর পড়ে। 

প্রথম কথা, তিনি এমন একটা দলের প্রতিমন্ত্রী, যে দলের সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তার ছিল দীর্ঘ রাজনৈতিক নেতৃত্বের ইতিহাস। দ্বিতীয়ত প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে সরকারি অনুষ্ঠানে দেওয়া বক্তব্য কি ওনার ব্যক্তিগত মন্তব্য বলে ধরে নেয়া যায়? আর তৃতীয়ত, এই ‘ব্যক্তিগত বক্তব্য’ তার দলের নির্বাচনী ইশতেহার ও দলীয় অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

প্রতিমন্ত্রীর এই মন্তব্যে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে, কর্মজীবী নারীর দায়িত্ব নিয়ে তার দৃষ্টিভঙ্গি কি নারীর বিরুদ্ধে যাচ্ছে না? বিশেষ করে যে সময়ে নারীর কর্মসংস্থান বাড়ানো এবং কর্মক্ষেত্রকে নারীবান্ধব করার চেষ্টা চলছে বহু বছর থেকে, সেখানে এ ধরনের বক্তব্য কতটা যৌক্তিক?

প্রতিমন্ত্রীর ধারণা যে ভুল এবং প্রাচীন, সে কথার পক্ষে অনেক যুক্তি আছে। একথা ঠিক যে শিক্ষিত মা অবশ্যই সন্তান প্রতিপালনের জন্য খুবই ইতিবাচক একটি শর্ত। তবে উচ্চশিক্ষিত কর্মজীবী মা যে সন্তান প্রতিপালনে ব্যর্থ, পারিবারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে পিছিয়ে আছেন—এর কোনো পরিসংখ্যান কেউ দেখাতে পারবেন না।

এটা সমাজের প্রচলিত ধারণা। শুধু পুরুষ নয়, নারীদের মধ্যেও এই ধারণা রয়েছে। অথচ এখন গুরুত্বপূর্ণ হলো—নারীর চাকরি শুধু নারীর ব্যক্তিগত বিষয় নয়; এটি পরিবারের অর্থনীতি, জাতীয় উৎপাদনশীলতা এবং সামাজিক উন্নয়নের বিষয়। শিক্ষায় অগ্রগতির পরও শ্রমবাজারে উচ্চশিক্ষিত নারীর সংখ্যা পুরুষের তুলনায় অনেক কম। নারী গ্র্যাজুয়েটদের বেকারত্বের হার পুরুষ সহপাঠীদের তুলনায় প্রায় দ্বিগুণ। কর্মক্ষেত্রে নারীর এই পিছিয়ে পড়া নিয়ে অনেক দিন ধরেই বিভিন্ন পরিসরে আলোচনা চলছে। প্রতিমন্ত্রীর এই ”ব্যক্তিগত মত” নারীর বেকারত্বকে আরো উৎসাহিত করতে পারে বলে আশংকা হয়। 

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কর্মজীবী। অথচ দেশের উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর প্রায় ৩৫ শতাংশ নারী। শুধু তা-ই নয়, একই শ্রমবাজারে কাজ করে পুরুষের তুলনায় গড়ে ২২ থেকে ২৫ শতাংশ কম মজুরি পান নারীরা। পুরুষের সমান পড়াশোনা করেও নারীরা কীভাবে এতটা পিছিয়ে গেলেন? কী দায়ী এর জন্য? বাংলাদেশে নারীরা চাকরি ও শ্রমবাজারে পিছিয়ে থাকার বিষয়টি শুধু শিক্ষা বা যোগ্যতার ঘাটতি দিয়ে ব্যাখ্যা করা যাবে না। এর পেছনে অনেকটাই দায়ী হচ্ছে, ’নারী ঘর দেখবেন আর সন্তান সামলাবেন’ টাইপ পুরুষতান্ত্রিক মানসিকতা। 

সরকারকে ভেবে দেখতে হবে, নারীশিক্ষায় সরকার যে বিনিয়োগ করছে, তার সুফল সরকার কতটা চায়? একটি দেশের জনসংখ্যার অর্ধেক যদি শিক্ষা গ্রহণের পরও শ্রমবাজারে সমভাবে অংশ নিতে না পারেন, তাহলে সেই দেশের মানবসম্পদের পূর্ণ সুফল পাওয়া কঠিন। সমাজের একটা বড় অংশ এখনও মনে করেন, শিক্ষিত হলেই নারীকে যে কাজ করতে হবে, এমন নয়। শিক্ষিত মা ভালোভাবে সন্তান মানুষ করতে পারেন। কাজেই অনেকে পড়ালেখা শেষে সংসার, স্বামী ও সন্তান লালন-পালন করতে গিয়ে নিজের ক্যারিয়ারকে ছেড়ে দিতে বাধ্য হন। সমাজ মনে করে, এরাই শ্রেষ্ঠ মা।

ছোটবেলা থেকেই একটি মেয়েকে সাধারণত শুনতে হয়, মেয়েদের আসল দায়িত্ব সংসার। চাকরি করলেও সংসারটা যেন ঠিক থাকে। এই দ্বৈত প্রত্যাশা নারীর ওপর অতিরিক্ত চাপ তৈরি করে। সমাজের চাপিয়ে দেওয়া এসব ধারণা ধীরে ধীরে নারীর ভেতরেও ঢুকে যায়। এই ধারণার কারণে অনেক নারী নিজেকে একজন সফল চাকরিজীবী না ভেবে সফল মা ও দায়িত্ব পালনকারী স্ত্রী হিসেবেই দেখতে ভালোবাসেন। অনেকের ধারণা, চাকরিজীবী মায়েদের সন্তান ঠিকমতো মানুষ হয় না। 

নারী ও পুরুষ দুজনেই গৃহে ‘মজুরিহীন’ কাজ করেন। কর্মজীবী বা শ্রমজীবী নারী বাইরের কাজ করে বাসায় ফিরে সপ্তাহে গড়ে ২৭ দশমিক ৭ ঘণ্টা গৃহস্থালির কাজ করেন। পুরুষদের ক্ষেত্রে তা মাত্র ৭ দশমিক ৭ ঘণ্টা (আইএলও)। গৃহস্থালির কাজে বেশি সময় দেওয়ার কারণে নারীর পক্ষে উচ্চ মজুরির কাজ নেওয়া এবং ক্যারিয়ারে অগ্রসর হওয়ার সুযোগ সীমিত হয়ে যায়। অনেক নারী পরিবার ও কাজের ভারসাম্য রাখতে না পারায় চাকরি ছেড়ে দেন বা কর্মজীবনে প্রবেশই করেন না। 

কাজেই সরকারের উচ্চ পর্যায় থেকে যখন বক্তব্য আকারে এধরণের অযৌক্তিক তথ্য দেয়া হয় এবং অন্যরা কেউ এর প্রতিবাদ করেন না, তখন নারী উন্নয়নে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন জাগে। নারীর চাকরির সুযোগ সৃষ্টির জন্য সরকারের উচিত মানানসই কর্মপরিবেশ; যেমন—ডে-কেয়ার সেন্টার, বুকের দুধ খাওয়ানোর জন্য নিরাপদ জায়গা, মাতৃত্বকালীন ছুটি, নিরাপত্তা, যাতায়াত, বাসস্থান, বদলি, এবং কর্মঘণ্টার বিষয়গুলো বিবেচনা করা; নারীর কাজকে নিরুৎসাহিত করা নয়।

নারী বাইরে কাজ করলেও এখন পর্যন্ত বাচ্চা ও বয়স্ক মানুষের প্রতিপালনের মূল কাজ এবং পরিবারের দেখাশোনার কাজটিও নারীকে করতে হয়। এই যে মাত্র ৫ শতাংশ উচ্চশিক্ষিত নারী শ্রমবাজারে রয়েছেন, এজন্য ক্ষতি কি শুধু সেই নারী বা তার পরিবারের হচ্ছে? না, এর নেতিবাচক প্রভাব পড়ছে রাষ্ট্রের ওপরও। কারণ নারীশিক্ষায় বিনিয়োগের কাক্সিক্ষত অর্থনৈতিক সুফল মিলছে না।

বাংলাদেশের পরিবারগুলোতে পুরুষই প্রধান। কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের একটি প্রতিবেদন বলছে, দেশে যেসব পরিবারের কর্ত্রী হিসেবে নারী রয়েছেন, তাদের সংখ্যা বাড়ছে। ১৭ দশমিক ৪ শতাংশ পরিবারের প্রধান হচ্ছেন নারীরা। এভাবে প্রতিবছরই নারীপ্রধান পরিবার বাড়ছে। কাজেই কর্মক্ষেত্রে নারীর প্রবেশ এখন আর শখের বিষয় নয়, প্রয়োজন।

একটি পরিসংখ্যান বলছে, যেসব নারী যৌতুকের কারণে নির্যাতিত হন এবং নিহত হন, এদের অধিকাংশই গৃহিনী, এনারা কোনো আয়মূলক কাজের সঙ্গে জড়িত নন। সরকারকে ভেবে দেখতে হবে, নারীশিক্ষায় সরকার যে বিনিয়োগ করছে, তার সুফল সরকার কতটা চায়? একটি দেশের জনসংখ্যার অর্ধেক যদি শিক্ষা গ্রহণের পরও শ্রমবাজারে সমভাবে অংশ নিতে না পারেন, তাহলে সেই দেশের মানবসম্পদের পূর্ণ সুফল পাওয়া কঠিন। 

এই যে আমাদের নারীরা প্রতিদিন তাদের সংসার, সন্তান স্বামী, সন্তান সামলে, কর্মক্ষেত্রও সামলে চলেছেন, এর বদলে তারা কী পাচ্ছেন? যা পাচ্ছেন তা, খুবই অমর্যাদাকর। এখনও সমাজে নারীর অবস্থান অধঃস্তন। নারীকে দেখা হয় যৌনতার প্রতীক ও দাস হিসেবে। নিজের আয় থাকে না বলে সংসারে মুখ বুঁজে নির্যাতন সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না, অধিকাংশ নারীর। 

লেখক: যোগাযোগ বিশেষজ্ঞ ও কলাম লেখক

/ইউএস/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
কর্মক্ষেত্রে নারীর প্রবেশ এখন আর শখের বিষয় নয়, প্রয়োজন
কর্মক্ষেত্রে নারীর প্রবেশ এখন আর শখের বিষয় নয়, প্রয়োজন
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী
ফ্যাসিবাদী আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে প্রশাসনের সঙ্গে মাঠে থাকবে বিএনপি
ফ্যাসিবাদী আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে প্রশাসনের সঙ্গে মাঠে থাকবে বিএনপি
ব্যাটিংয়ে বাংলাদেশ, মাহফিজুলের অভিষেক
ব্যাটিংয়ে বাংলাদেশ, মাহফিজুলের অভিষেক
সর্বশেষ সর্বাধিক