‘শুধু ঘরের মাঠে খেললেই ফুটবল জেতা যায় না’

তানজীম আহমেদ 
১৫ নভেম্বর ২০২৬, ২০:১৯ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২০:১৯

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে এমন হারের পর প্রশ্ন উঠেছে কোচ টমাস ডুলির কৌশল, খেলোয়াড় নির্বাচন ও দল পরিচালনা নিয়ে। তবে ৬৫ বছর বয়সী কোচ মনে করেন, পাকিস্তান ছিল এবারের টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। তাদের রক্ষণভাগ ছিল আন্তর্জাতিক মানের, খেলোয়াড়েরাও খেলেন উচ্চপর্যায়ের লিগে। শারীরিক শক্তি, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসেও এগিয়ে ছিল পাকিস্তান।

আমেরিকান-জার্মান কোচের মতে, বাংলাদেশের হারের পেছনে কৌশলগত ভুলের পাশাপাশি ছিল ব্যক্তিগত ভুল, অনভিজ্ঞতা, মানসিক চাপ এবং আন্তর্জাতিক ফুটবলে দুই দলের খেলোয়াড়দের অবস্থানগত পার্থক্যও। একই সঙ্গে নিজের কাজের জন্য সময় চেয়েছেন তিনি।  দুই বছর সময় পেলে বাংলাদেশের খেলার ধরনেই পরিবর্তন দেখা যাবে বলে ডুলির বিশ্বাস। 

সাফে বাংলাদেশের পারফরম্যান্স, পাকিস্তানের বিপক্ষে হারের কারণ, ভবিষ্যৎ পরিকল্পনা ও জাতীয় দলের উন্নতি নিয়ে রবিবার বাংলা ট্রিবিউনের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন টমাস ডুলি।

প্রশ্ন: শুরুতে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে আসি... বাংলাদেশের কৌশল কি ঠিক ছিল? নাকি প্রতিপক্ষের কৌশলের কাছে হারতে হয়েছে? 

টমাস ডুলি: পাকিস্তানের রক্ষণভাগ আমি দীর্ঘদিনের মধ্যে দেখা সেরা রক্ষণভাগগুলোর একটি। তাদের খেলোয়াড়েরা আন্তর্জাতিক মানের, উচ্চপর্যায়ের লিগে খেলে। শারীরিকভাবেও তারা অনেক শক্তিশালী। পুরো ম্যাচে তারা একসঙ্গে থেকে রক্ষণ সামলেছে, খেলা ভালোভাবে পড়েছে এবং একের বিপক্ষে এক পরিস্থিতিতে প্রায় নিখুঁত ছিল। আমরা আগেই জানতাম, তাদের বিপক্ষে কাজটা কঠিন হবে। একটা কথা আছে, রক্ষণ চ্যাম্পিয়নশিপ জেতায়, আর ফরোয়ার্ডরা ম্যাচ জেতায়।

তারপরও রাকিবের শটটি পোস্টের এক সেন্টিমিটার ডান দিকে গেলেই গোল হতে পারতো। তখন আমরা ১-০ গোলে এগিয়ে যেতাম। হামজাকে তারা দুজন মিলে আটকে রেখেছিল। এ কারণে হামজাকে নিচে নেমে খেলায় বেশি যুক্ত হতে হয়েছে।

প্রশ্ন: তাহলে আক্রমণভাগে কি সেরা খেলোয়াড়দেরই খেলিয়েছিলেন?

টমাস ডুলি: আমাদের হাতে থাকা সেরা ফরোয়ার্ডদেরই খেলিয়েছি। ফরহান, রাকিব ও শুকি ছিল। আর কাকে দেখতে চেয়েছিলেন? সমস্যা ছিল, আমরা পেছন থেকে খুব ধীরে বল বের করেছি। শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে দ্রুত এক পাশ থেকে অন্য পাশে বল নিয়েছি, পাকিস্তানের বিপক্ষে সেটা পারিনি।

একজন খেলোয়াড়কে নিয়ে বেশি সময় কাটিয়েছি। গোলরক্ষকও বল ছাড়তে সময় নিয়েছে। এতে প্রতিপক্ষ নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। এমনকি আমাদের খেলোয়াড়দের শরীরী ভাষা দেখেও প্রতিপক্ষ বুঝতে পেরেছে আমরা কোথায় বল দিতে যাচ্ছি। তারা পাসের গতিপথ আগেই অনুমান করে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। ৫০-৫০ বল জেতার ক্ষেত্রেও তারা আমাদের চেয়ে শক্তিশালী ছিল।

সাদের সঙ্গে ডুলি। প্রশ্ন: শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর পাকিস্তানের বিপক্ষে এমন পারফরম্যান্স কি কাম্য ছিল?

টমাস ডুলি: আমরা তো পাকিস্তানের বিপক্ষে ৪-০ গোলে জিতিনি! তাহলে শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের তুলনা করছেন কেন? তারা কি একই দল? পাকিস্তান ফিলিপাইনের সঙ্গে ২-২ ড্র করেছে, ভিয়েতনামের কাছে ৪-২ গোলে হেরেছে। এরপরও আপনারাই তাদের শক্তিশালী দল বলেছেন। এশিয়ার টুর্নামেন্টে তাদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। এখন সেই দলের কাছে হারার পর সব দায় কোচের ওপর চাপানো হচ্ছে কেন?

পাকিস্তান এই টুর্নামেন্টের সেরা দল। ম্যাচের আগে আমিও বলেছিলাম, তাদের বিপক্ষে আমাদের সবটুকু দিয়ে লড়তে হবে।

প্রশ্ন: পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের পার্থক্য কতটা?

টমাস ডুলি: পার্থক্য অনেক। পাকিস্তানের রক্ষণভাগের একজন খেলোয়াড়ের বাজারমূল্য ৪ মিলিয়ন ডলার, আরেকজনের ৫ লাখ ডলার, অন্যজনের ২ লাখ ডলার। তাদের দুজন সেন্টারব্যাক ইউরোপে খেলে। আমাদের এমন দুজন ডিফেন্ডারও আছে, যাদের কোনো ক্লাব নেই।

আমাদের আন্তর্জাতিক খেলোয়াড়েরা কোথায় খেলে? তারা কত টাকা আয় করে? প্রতিপক্ষের সঙ্গে তাদের তুলনা করতে হবে। তারিকের কোনো ক্লাব নেই, জিদানেরও নেই। জায়ান খেলছে আরব আমিরাতের তৃতীয় বিভাগে।  প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে তাদের লিগের পার্থক্যটা বুঝতে হবে।

ঘরের মাঠে খেলা মানে আপনি ভালো মাঠ ও দর্শক পাবেন। কিন্তু শুধু ঘরের মাঠে খেললেই ফুটবল জেতা যায় না।

প্রশ্ন: ঘরের মাঠে ২২ হাজার দর্শকের সামনে খেলতে গিয়ে কি বাংলাদেশের খেলোয়াড়েরা মানসিক চাপে ছিল?

টমাস ডুলি: অবশ্যই। তরুণ কিংবা এই ধরনের বড় ম্যাচ নিয়মিত না খেলা খেলোয়াড়দের ওপর মানসিক চাপ কাজ করতে পারে। পাকিস্তানের খেলোয়াড়েরা বেশি আত্মবিশ্বাসী ছিল। তারা মানসিকভাবেও শক্ত ছিল। আমাদের খেলোয়াড়দের ওপর প্রত্যাশার চাপ ছিল অনেক বেশি। তারা কিছু সহজ পাসেও ভুল করেছে। বল ছাড়তে দেরি করায় প্রতিপক্ষের কাজ সহজ হয়েছে।

আমরা সবাই বিশ্বাস করেছিলাম, পাকিস্তানকে হারাতে পারবো। কিন্তু তার জন্য আমাদের নিজেদের ফুটবলটা খেলতে হতো। দর্শকদের সমর্থন থেকে শক্তি নিতে হতো। আমরা সেটা পারিনি। পাকিস্তান সেদিন ভালো খেলেছে, বেশি শক্তিশালী ছিল এবং কম ভুল করেছে।

প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের ফিটনেস কি হারের কারণ ছিল?

টমাস ডুলি: পাকিস্তানের পাঁচজন নতুন আন্তর্জাতিক খেলোয়াড় ছিল। তারা সাত দিন কোনো ম্যাচ খেলেনি, ফলে শারীরিকভাবে প্রস্তুতির সুবিধা পেয়েছে। আমাদের বিশ্রাম ছিল দুই দিন। তবে আমার মনে হয়, আমাদের খেলোয়াড়েরা খেলার জন্য প্রস্তুত ছিল। কাজেম পুরো ৯০ মিনিট দারুণ খেলেছে। সে ছিল সেরা খেলোয়াড়। রাকিবও সব সময়ের মতো দৌড়েছে। তবে আমরা সাদকে অবশ্যই মিস করেছি।

প্রশ্ন: শ্রাবণের ব্যক্তিগত ভুল কীভাবে দেখছেন?

টমাস ডুলি: ফুটবলে ব্যক্তিগত ভুল হয়। অভিজ্ঞতার অভাব থাকে, তরুণ খেলোয়াড়েরা ভুল করে। আমাদেরও একাধিক ব্যক্তিগত ভুল হয়েছে। রাকিবের শটেও ভাগ্য সহায় হয়নি। সামনে ছিল শক্তিশালী পাকিস্তান। একজন খেলোয়াড়ের ভুলের জন্য তাকে ধ্বংস করে দেওয়া উচিত নয়। বড় পর্যায়ে খেলতে গেলে ভুল হতেই পারে। এমনকি কোটি ডলার আয় করা খেলোয়াড়েরাও ভুল করে।

আমাদের বাস্তবতা বুঝতে হবে। বাংলাদেশের ফুটবলের উন্নয়ন নিয়ে কথা বলা দরকার। শুধু হারলেই কোচকে দায়ী করলে হবে না।

প্রশ্ন: সেমিফাইনালে সাদের অভাব কেমন অনুভব করেছেন?

টমাস ডুলি: অবশ্যই সাদকে মিস করেছি। তবে একটা বিষয় বুঝতে হবে, খেলোয়াড়দেরও জানতে হয় কোচ কী চান। সাদ যখন দলে ফিরেছিল, তখন সে অনুশীলনে ভালো করতে পারেনি। অনুশীলনে নিজের সামর্থ্য দেখাতে পারেনি। পরে সে বার্তাটা বুঝেছে এবং নিজেকে আরও উজাড় করে দিয়েছে। এখন সে জানে জাতীয় দলে খেলতে হলে কী করতে হবে। পুরো টুর্নামেন্টে সে দারুণ খেলেছে।

আমাকেও খেলোয়াড়দের জানতে হবে। প্রায় ৪০ জন খেলোয়াড়কে দেখে সিদ্ধান্ত নিতে হয়, কাকে ভরসা করা যাবে, কে কতটা পারবে। এটা দল গঠনেরই অংশ।

প্রশ্ন: দলের আক্রমণভাগে স্বীকৃত নম্বর নাইন না থাকার কারণ কী? মাহে খান দলে থেকেও খেলতে পারেননি।

টমাস ডুলি:  আমাদের একজন প্রকৃত নম্বর নাইন দরকার ছিল। ইব্রাহিম কি নম্বর নাইন? মাহে খান তরুণ, কিছুটা লাজুক এবং ওই পজিশনে খেলার জন্য এখনো প্রস্তুত নয়। আমি তাকে ক্যাম্পে ডাকতে চেয়েছিলাম, তার সামর্থ্য দেখতে চেয়েছিলাম। কিন্তু সে আসার আগেই টুর্নামেন্টের জন্য ২৮ জনের তালিকা ঘোষণা করতে হয়েছে।

আমাদের হাতে স্বীকৃত নম্বর নাইন ছিল না। তাই ঝুঁকি নিয়ে তাকে দলে রেখেছি। অন্তত একজন থাকুক, যে ওই পজিশনে খেলতে পারে। তবে সে এখনও প্রস্তুত নয়।

প্রশ্ন : শেখ মোরসালিনকে সাফে দেখা যায়নি। অনেকেই বলছেন আপনি তাকে পছন্দ করেন না, তাই খেলাননি!

টমাস ডুলি:  ওরা জানে না কী হয়েছিল। সান মারিনোর পর থেকে মোরসালিন কয় দিন অনুশীলন করেছে?অনেক দিন? ক্যাম্প শুরু হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পের কেউ না, সে মূলত ইন্দোনেশিয়ায় ইনজুরিতে ছিল। সম্ভবত সাফ ক্যাম্পে ৪ দিন, ৩ দিন। তাহলে?

প্রশ্ন : সাফে ঘরের মাঠে এবার নিয়ে তিনবার হলো না। সামনে ২০২৭ সালে আবারও সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা রয়েছে। কতটুকু আশাবাদী? 

টমাস ডুলি: আমি সব সময় আশাবাদী মানুষ।  সব সময় আশা থাকবে, চেষ্টায় কোনও ত্রুটি থাকবে না।

প্রশ্ন: এত অল্প সময়ে দলকে গুছিয়ে নেওয়া কতটা কঠিন ছিল?

টমাস ডুলি: খেলোয়াড়েরা তিন মাস ধরে নিয়মিত অনুশীলন বা ম্যাচের মধ্যে ছিল না। অন্যদের তুলনায় আমাদের বেশি ফিটনেস অনুশীলন করতে হয়েছে। খেলোয়াড়দের দেখতে হবে, কে কী করতে পারে। সে জন্য ম্যাচ খেলানো প্রয়োজন। এখন দল ভালো খেলছে, খেলোয়াড়েরা একে অন্যকে বুঝতে পারছে, একটা সমন্বয় তৈরি হচ্ছে। এই সময় আবার নতুন কোচ নিয়ে এলে সবকিছু নতুন করে শুরু করতে হবে। তাহলে আমরা পিছিয়ে যাবো।

আগের কোচ দুই বছর কাজ করেছেন। একজন কোচকে দল গড়ে তোলার সময় দিতে হবে।

প্রশ্ন: নিজের কাজের সাফল্যের জন্য কতটা সময় চান?

টমাস ডুলি: আমাকে দুই বছর সময় দিন। খেলার ধরনেই পার্থক্য দেখতে পাবেন। ফিলিপাইনের কোচ থাকাকালেও আমি সব টুর্নামেন্ট জিতিনি। চ্যালেঞ্জ কাপ জিততে পারিনি, ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরেছি। কিন্তু তারা আমার ওপর আস্থা রেখেছিল। তখন দলে ১৭ বছর বয়সী দুজন খেলোয়াড় ছিল, সাতো ও আমানি। তারা এখনও জাতীয় দলে খেলছে।

তরুণ খেলোয়াড়দের সময় দিতে হয়। এই হার থেকে আমাদের তরুণেরা অনেক কিছু শিখেছে। তারা এখন জানে এমন হারের অনুভূতি কেমন। ভবিষ্যতে তারা আর এমন পরিস্থিতিতে পড়তে চাইবে না।

প্রশ্ন: সামনে জাতীয় দলের উন্নয়নে কী পরিকল্পনা রয়েছে?

টমাস ডুলি: আমার পরিকল্পনা হলো, জানুয়ারিতে লিগ শুরু না হলে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা না করে ২৪ জন নির্বাচিত খেলোয়াড়কে নিয়ে অনুশীলন শুরু করা। লিগের দলগুলো অনুশীলন শুরু করা পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করবো। লিগে এক মাসের বেশি বিরতি থাকলেও জাতীয় দলের খেলোয়াড়দের অনুশীলনে রাখার পরিকল্পনা আছে। আমি সব সময় ঢাকায় থাকবো। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনুশীলন, শুক্রবার ও শনিবার বিশ্রাম দেওয়া যেতে পারে। এতে স্থানীয় খেলোয়াড়েরা নিয়মিত অনুশীলনের মধ্যে থাকবে।

এছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে কয়েকজন প্রবাসী ও আন্তর্জাতিক খেলোয়াড়কে নিয়ে ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে। প্রথমে তিন দিনের ক্যাম্প, এরপর নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে আরও দুই দিন কাজ করতে চাই।

প্রশ্ন: পরবর্তী সাফে দল নির্বাচনে কী পরিবর্তন আসবে?

টমাস ডুলি: অবশ্যই। পরবর্তী সাফে খেলোয়াড় নির্বাচন অনেকটাই আলাদা হবে। আমরা আরও তরুণ ও শারীরিকভাবে শক্তিশালী খেলোয়াড়দের নিয়ে দল গড়তে চাই। রোনান ও ইসলাম নামে দুজন যুক্তরাষ্ট্রের কলেজ ফুটবল খেলোয়াড়ও আমাদের পরিকল্পনায় আছে।

প্রশ্ন: আগামী দিনের পরিকল্পনা নিয়ে কী করবেন?

টমাস ডুলি: আমি ডিসেম্বর পর্যন্ত ঢাকায় থাকবো। শুধু রিপোর্ট লিখে চলে যাবো না। সভা হবে, ২০২৭ সালের পরিকল্পনা তৈরি করবো। খেলোয়াড়দের উন্নয়ন নিয়ে কাজ করবো। টুর্নামেন্টের আগেও সভাপতি বলেছিলেন, আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিদায়ে চার ভাগের এক ভাগে নামলো ফাইনালের টিকিটের দাম
‘আশা করি, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে’
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে হামলা-ভাঙচুর
মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে হামলা-ভাঙচুর
ডিসেম্বর ঘিরে বড় ধরনের শঙ্কা নেই: এসআরবি
ডিসেম্বর ঘিরে বড় ধরনের শঙ্কা নেই: এসআরবি
সংস্কৃতি, বিজ্ঞান ও মানবিক বিদ্যার সেতুবন্ধনে আইসিবিসি সম্মেলন শুরু ২০ নভেম্বর
সংস্কৃতি, বিজ্ঞান ও মানবিক বিদ্যার সেতুবন্ধনে আইসিবিসি সম্মেলন শুরু ২০ নভেম্বর
হুথিদের প্রতিরোধে মান্দেব প্রণালিতে পিছু হটলো ইয়েমেনি বাহিনী
হুথিদের প্রতিরোধে মান্দেব প্রণালিতে পিছু হটলো ইয়েমেনি বাহিনী
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর