ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে ফিফা সভাপতি পদে জাপানের তাশিমা

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১৫:৫৪ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৫:৫৪

জিয়ান্নি ইনফান্তিনোর সামনে এবার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছেন জাপানের কোজো তাশিমা। পাঁচটি দেশের ফুটবল ফেডারেশনের সমর্থন নিয়ে ফিফা সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সম্মানসূচক সভাপতি। বুধবার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ৬৮ বছর বয়সী এই ফুটবল সংগঠক।

আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে ফিফার ৭৭তম কংগ্রেস। সেখানেই নির্বাচন হবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নতুন সভাপতি। বর্তমান সভাপতি ইনফান্তিনো চতুর্থ মেয়াদে দায়িত্ব নেওয়ার লক্ষ্যে লড়বেন। তার বিপক্ষে নির্বাচনে অংশ নিতে যাওয়া তাশিমা ফিফা সভাপতি পদে প্রথম জাপানি প্রার্থী।

ফিফার নিয়ম অনুযায়ী, সভাপতি পদে প্রার্থী হতে হলে অন্তত পাঁচটি সদস্য দেশের ফুটবল ফেডারেশনের সমর্থন প্রয়োজন। পাশাপাশি গত পাঁচ বছরের মধ্যে অন্তত দুই বছর ফিফা, কোনো মহাদেশীয় কনফেডারেশন কিংবা জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের খেলোয়াড় বা কর্মকর্তা হিসেবে সক্রিয় থাকতে হয়।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ১৭ নভেম্বর ফিফার কাছে চিঠি পাঠিয়ে তাশিমাকে সভাপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

জাপানের সাবেক জাতীয় দলের খেলোয়াড় ও যুব দলের কোচ তাশিমা ২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়ন পাওয়ার পর জেএফএ সভাপতি সুনেয়াসু মিয়ামোতো ও বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁকে সমর্থন দেওয়া দেশগুলোর ফুটবল ফেডারেশনকেও ধন্যবাদ জানিয়েছেন।

তাশিমা বলেন, ‘দায়িত্ববোধ ও দৃঢ় সংকল্প নিয়ে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমার লক্ষ্য, ফিফাকে আরও সুস্থ ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করা এবং বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে আরও বেশি অবদান রাখা।’

কোন পাঁচটি দেশের সমর্থন পেয়েছেন, তা অবশ্য এখনই প্রকাশ করেননি তাশিমা। বুধবার থাইল্যান্ডে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, পরে সমর্থনকারী দেশগুলোর নাম প্রকাশ করবেন।

নির্বাচনে নিজের অগ্রাধিকারের জায়গা তুলে ধরে তাশিমা বলেন, ‘সবার আগে সঠিক সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা নিশ্চিত করা অপরিহার্য। আগে এই জায়গাটি ঠিক করতে হবে। এরপর এর ওপর ভিত্তি করে বিভিন্ন নীতিমালা এগিয়ে নেওয়া যাবে।’

নির্বাচনে অংশ নেওয়ার আগে প্রত্যেক প্রার্থীকে আনুষ্ঠানিক যোগ্যতা ও সততা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কংগ্রেসের অন্তত এক মাস আগে ফিফার সাধারণ সচিবালয় সদস্য দেশগুলোকে চূড়ান্ত প্রার্থীদের তালিকা জানিয়ে দেবে।

ইনফান্তিনো ও তাশিমা ছাড়াও ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে সুইজারল্যান্ডের সাবেক অধিনায়ক রামোন ভেগা এবং ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালোর।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২৪ মামলা, গ্রেফতার ৩০০
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২৪ মামলা, গ্রেফতার ৩০০
ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে ফিফা সভাপতি পদে জাপানের তাশিমা
ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে ফিফা সভাপতি পদে জাপানের তাশিমা
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি, সতর্ক অবস্থানে ইরান
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি, সতর্ক অবস্থানে ইরান
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের খবরে যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের খবরে যা বললো বিএনপি
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক