নিউজিল্যান্ড থেকে ফিরে ঢাকায় কয়েকদিন কাটানোর পর নিজের বাড়ি কক্সবাজারে যাওয়ার আগে বিমানবন্দরে লাঞ্ছনার শিকার হলেন জাতীয় ক্রিকেট দলের তারকা মুমিনুল হক। কেন এ ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হলো তাকে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
এনিয়ে কোনও ধরনের আনুষ্ঠানিক অভিযোগ মুমিনুলের কাছ থেকে পাওয়া না গেলেও শুক্রবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘আজ খুব লাঞ্ছিত হয়েছি এয়ারপোর্টে। বাংলাদেশ আনসাররা খুব খারাপ ব্যবহার করেছে।’ কক্সবাজারের বিমান ধরার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান এ ব্যাটিং তারকা। সেখানেই আনসার বাহিনীর দুর্ব্যবহারের মুখে পড়েন তিনি। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে কোনও আনুষ্ঠানিক অভিযোগ তিনি করেছেন কি না নিশ্চিত হওয়া যায়নি।
মুমিনুলের সঙ্গে বাংলা ট্রিবিউনের প্রতিবেদক ফোনে যোগাযোগ করতে চাইলেও তিনি কথা বলেননি। পরে বিস্তারিত বলবেন বলে ফিরতি খুদে বার্তা পাঠান তিনি। কয়েক ঘণ্টা পর তার ফেসবুক পেজ থেকেও পোস্টটি মুছে ফেলেন মুমিনুল।
/এফএইচএম/







