বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার জুনিয়রকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটা হতে পারে বিরতির পর। এদিন যদি স্কটিশদের বিপক্ষে মাঠে নামবেন, তবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ১০ নম্বর জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে পেলে ও রিভালদোর সমকক্ষ হবেন এই ফরোয়ার্ড।
বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে সর্বোচ্চ ১৪টি ম্যাচ খেলার রেকর্ডটি যৌথভাবে পেলে ও রিভালদোর দখলে। পেলে চারবার এবং রিভালদো দুইবারের বিশ্বকাপ আসরে এই কীর্তি গড়েছিলেন। এই জার্সিতে নেইমারের ম্যাচ সংখ্যা এখন ১৩। ফলে আজ মাঠে থাকলেই তিনি ব্রাজিলের এই দুই কিংবদন্তি আইডলকে ছুঁয়ে ফেলবেন।
দলে ফেরার এই ধাপে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন নেইমার। ধারণা করা হচ্ছে, শুরুতেই একাদশে না থেকে তিনি বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্থের কোনও একসময়ে মাঠে নামবেন। তবে কোচ আনচেলত্তির দাবি, নেইমার পুরো ম্যাচ খেলার জন্যই সম্পূর্ণ ফিট।
আরেকটি ঐতিহাসিক মাইলফলককে সামনে নিয়ে এসেছে। জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরে এখন পর্যন্ত ৯৭টি ম্যাচ খেলেছেন তিনি, যা ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ১০৫টি ম্যাচ নিয়ে এই তালিকার শীর্ষে আছেন ফুটবল সম্রাট পেলে।
স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামলে ১০ নম্বর জার্সিতে নেইমারের ৯৮তম ম্যাচ পূর্ণ হবে। চলতি বিশ্বকাপেই সেলেসাওদের হয়ে এই বিখ্যাত জার্সিতে শততম (১০০) ম্যাচ খেলার ঐতিহাসিক মাইলফলক থেকে তিনি আর মাত্র দুই ম্যাচ দূরে থাকবেন।









