বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্ব। এবার সেই বিতর্কে মুখ খুললেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি মারিও আলবার্তো কেম্পেস। সমর্থকদের উদ্দেশে তার স্পষ্ট বার্তা, প্রমাণছাড়া এসব গুজবে কান নয়, বরং দলকে বাস্তবতার ভিত্তিতে মূল্যায়ন করুন।
মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, কেম্পেস স্বীকার করেছেন যে দলের পারফরম্যান্সের সমালোচনা স্বাভাবিক। তবে কোনো প্রমাণ ছাড়া ছড়িয়ে পড়া অভিযোগকে সত্য হিসেবে গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপের পরই অবসর? মেসিকে নিয়ে সামনে এলো বড় খবর
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কেম্পেস বলেছেন, ‘আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানোর অর্থ কী, সেটা আমি খুব ভালো করেই জানি। একজন ফুটবলারের জীবনে নিজের দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় কিছু হতে পারে না। আর সেই সৌভাগ্য আমার হয়েছিল।’
তিনি আরও বলেছেন, ‘আমি মিথ্যা বলবো না, ম্যাচটি আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। আগের তিনটি টুর্নামেন্টের তুলনায় দলকে নিজেদের সেরা ছন্দে দেখা যায়নি। কিন্তু ফুটবলে এমনটা হয়। কখনও ভালো দিন আসে, কখনও খারাপ।’
কেম্পেসের মতে, একটি দলের বাজে পারফরম্যান্স আর ইচ্ছাকৃতভাবে প্রতিদ্বন্দ্বিতা না করার অভিযোগ; দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তার ভাষায়, ‘একটি দল কোনো ম্যাচে নিজেদের স্বাভাবিক মানের নিচে খেলতে পারে, কিন্তু সেটার অর্থ এই নয় যে তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি। কোনো প্রমাণ ছাড়া যেসব গল্প ছড়ানো হচ্ছে, সেগুলো কারও উপকারে আসে না।’
/এফআইআর/








