কাপ্তাই লেকের নীল জলরাশিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই সাঁতারু। ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল আহম্মেদ এবং নারী বিভাগে মুক্তি খাতুন চ্যাম্পিয়ন হয়েছেন। দুই বিভাগেই শিরোপা জিতে নিজেদের আধিপত্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১৬ নভেম্বর) রাঙামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত আসরে পুরুষ ও নারী বিভাগে ১০ জন করে সাঁতারু অংশ নেন।
পুরুষ বিভাগে ১০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে ফয়সাল সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩ মিনিট। তার চেয়ে তিন মিনিট বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা। তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। তার সময় লেগেছে ২ ঘণ্টা ১১ মিনিট।
নারী বিভাগে ৮ কিলোমিটার সাঁতারে ১ ঘণ্টা ৫৫ মিনিট সময় নিয়ে সেরা হয়েছেন মুক্তি খাতুন। ২ ঘণ্টা ২ মিনিট সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। একই সংস্থার পলি খাতুন ২ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন।
কাপ্তাই লেকের মগবান টিলা থেকে শুরু হয়ে পর্যটন সুবিধা অবতরণ ঘাটে গিয়ে শেষ হয় প্রতিযোগিতার সাঁতার।