দেশের ক্রীড়াঙ্গনের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে নতুনভাবে সাজানো হবে ঢাকার জাতীয় স্টেডিয়াম। সেখানে বিশেষ গুরুত্ব পাবে স্বাধীন বাংলা ফুটবল দল, আইসিসি ট্রফি জয় এবং দেশের ক্রীড়াঙ্গনের স্মরণীয় অর্জন ও কৃতী খেলোয়াড়দের স্মৃতি। জাতীয় স্টেডিয়ামকে আরও খেলাধুলাবান্ধব করে গড়ে তুলতে এমন পরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় এ পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্টেডিয়ামের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথ, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনা সংস্কার করা হবে। একই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে স্টেডিয়ামকে নতুনভাবে সাজানো হবে।
স্বাধীন বাংলা ফুটবল দল এবং আইসিসি ট্রফি জয়ের মতো ঐতিহাসিক অর্জনগুলো যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের কৃতী খেলোয়াড়দের স্মৃতিও সংরক্ষণ করা হবে। এসব উদ্যোগের মাধ্যমে জাতীয় স্টেডিয়ামকে আরও আকর্ষণীয় ও খেলাধুলাবান্ধব পরিবেশে ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে।
এদিকে জাতীয় স্টেডিয়ামসহ দেশের ক্রীড়া স্থাপনাগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক ও সরঞ্জাম বিতরণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, জবাবদিহি ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনাও দিয়েছেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় স্টেডিয়াম এলাকার পরিবেশ সুশৃঙ্খল নয়। সেখানে মাদক, ছিনতাই, অনৈতিক কর্মকাণ্ড এবং ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে দোকান বসানোর মতো সমস্যা রয়েছে। এসব অনিয়ম বন্ধ করে স্টেডিয়ামের পরিবেশ ফিরিয়ে আনতে নিরাপত্তাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।