বারবার ভাগ্য সহায় হয়েছে ইমরুলের। খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বার পঞ্চাশ অতিক্রম করা ইনিংস।
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ১৩তম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন ইমরুল কায়েস। বৃহস্পতিবার শুরু থেকেই ধীরস্থির ব্যাটিং করেছেন তিনি; ছিল না কোনও তাড়াহুড়ো। প্রথম উইকেটে তামিমের সঙ্গে ৩০ এবং দ্বিতীয় উইকেট সাব্বিরের সঙ্গে ৭৫ রানের জুটি বাধেন এই ওপেনার।
নিউজিল্যান্ডের বিপক্ষে এটা ইমরুলের দ্বিতীয় হাফসেঞ্চুরি। এই দলটির বিপক্ষেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন ইমরুল। ক্রাইস্টচার্চে এএমআই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
কই মাছের প্রাণ বোধ হয় ইমরুলের। ব্যক্তিগত ১৯ রানে একবার জীবন পেয়েছিলেন কলিন মুনরোর বলে। এরপর ২৮ রানে স্লিপে ক্যাচ তুলে দিয়ে বেঁচে যান তিনি। তৃতীয় দফায় সাব্বিরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের হাত থেকে বেঁচে ফেরেন। প্রথম কলে অবশ্য তিনিই রান আউট হয়েছিলেন। কিন্তু থার্ড আম্পায়ার সাব্বিরকে আউট দিলে তৃতীয়বারের মতো জীবন পান ইমরুল ৪২ রানে।
তার পরের ওভারেই লকি ফার্গুসনের কল্যাণে চতু্র্থ জীবন পান ইমরুল। মিচেল স্যান্টনারের বলে স্লগ সুইপে খেলতে গিয়ে ইমরুল বল তুলে দেন ফার্গুসনের তালুতে। কিন্তু সহজ ক্যাচ ধরতে ব্যর্থ হলে ইমরুল ৪৪ রানে ফের জীবন পায়।
শেষ পর্যন্ত ফার্গুসনের বলে বাউন্ডারির সাহায্যে হাফসেঞ্চুরি পূর্ণ করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ৭৯ বলে ৬ চারে তিনি পঞ্চাশের ঘরে পৌঁছান।
/আরআই/এফএইচএম/







