বাংলাদেশ যে প্রথম দিন বেশ ভালো খেলেছে সেটা স্বীকার না করে পারলেন না নেইল ওয়াগনার। দিনের সর্বোচ্চ ৮৫ রানের জুটি ভাঙা এ কিউই পেসার সফরকারীদের প্রশংসা করেছেন, ‘প্রথম দিনটা বাংলাদেশের ছিল। তারা আজ (বৃহস্পতিবার) খুব ভালো খেলেছে। এর জন্যে তারা প্রশংসা পাওয়ার যোগ্য।’
দ্বিতীয় দিনের সেশনকে গুরুত্বপূর্ণ মানছেন এ বাঁহাতি পেসার। ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ দুই দলেরই আছে মনে করছেন নিউজিল্যান্ডের এ বোলার, ‘আমাদের জন্যে কাল (শুক্রবার) সকালের সেশনটা গুরুত্বপূর্ণ। কাল সকালে যারা ভালো করবে তারাই ম্যাচের নিয়ন্ত্রণ পেতে পারে।’
শুরুটা প্রত্যাশামতো হয়েছিল বলেন ওয়াগনার। টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত আগে থেকেই ঠিক করেছিল নিউজিল্যান্ড, ‘টস জিতলে বল নেওয়ার সিদ্ধান্ত আমাদের আগে থেকেই নেওয়া ছিল। কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে। দিনটা তাদের ছিল বলে অনেক সুযোগ আমরা সেভাবে কাজে লাগাতে পারিনি। কিন্তু এখনও সবকিছু শেষ হয়ে যায়নি। সেই জন্যে সকালের সেশনটায় আমাদের অনেক পরিশ্রম করতে হবে।’
মমিনুল যখন বারবার বল সীমানার ওপারে পাঠাচ্ছিলেন তখন কেমন লাগছিল নিউজিল্যান্ডের। ওয়াগনারের দিকে এ প্রশ্ন এলো এক কিউই সাংবাদিকের কাছ থেকে, ‘সে খুব ভালো একজন ব্যাটসম্যান। বাংলাদেশ সফরে গিয়েও আমি তাকে এভাবে খেলতে দেখেছি, আজও সে ভালো খেলেছে।’
তামিম, মাহমুদউল্লাহর ব্যাটিংয়েরও প্রশংসা করলেন ওয়াগনার। সব মিলিয়ে দিনটা বাংলাদেশের জন্য ভালো কেটেছে বললেন তিনি।
তবে দিনের তৃতীয় উইকেটটি ছিল মাহমুদউল্লাহর, তাকে সাজঘরে পাঠিয়ে বড় একটা জুটি ভাঙেন ওয়াগনার। বাংলাদেশ এর আগে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজেও একটা ভালো জুটির পর ভেঙে পড়েছিল। মাহমুদউল্লাহকে ফিরিয়ে টেস্টেও এমন কিছু হতে পারে কিনা জানতে চাইলে ওয়াগনারের উত্তর, ‘টেস্ট হলো সেশন বাই সেশন খেলা। আজ দিনটা বাংলাদেশের পক্ষে গেছে। কালকের প্রথম সেশনটায় আমরা ভালো কিছু করার চেষ্টা করব। এটার ওপরই আমাদের অনেক কিছু নির্ভর করছে।’
/এফএইচএম/







