মানুষের তথ্য খোঁজার পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাবের কারণে বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে উইকিপিডিয়া। গত এক বছরে সাইটটিতে ভিজিট বা পেজ ভিউ প্রায় ৮ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নাডেট মিহান।
অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এআই মডেলগুলোর জন্য উইকিপিডিয়া তথ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হলেও, একই প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা সরাসরি সাইটে প্রবেশ না করেই উইকিপিডিয়া-ভিত্তিক তথ্য পেয়ে যাচ্ছেন। এর ফলে অনলাইন এই বিশ্বকোষটি টিকিয়ে রাখার পুরো ইকোসিস্টেমটি হুমকির মুখে পড়তে পারে।
যদিও এই পতন অপ্রত্যাশিত ছিল না, তবুও বিষয়টি নিয়ে ফাউন্ডেশন উদ্বিগ্ন বলে জানান যুক্তরাষ্ট্রের চিলিতে নিযুক্ত সাবেক এই রাষ্ট্রদূত, যিনি গত জানুয়ারিতে উইকিমিডিয়ার শীর্ষ পদে দায়িত্ব নেন।
মিহান বলেন, সমস্যা হলো জেনারেটিভ এআই সিস্টেমগুলো মানুষের তৈরি উইকিপিডিয়ার বিশাল তথ্যভাণ্ডারের ওপর ব্যাপকভাবে নির্ভর করলেও কিছু কোম্পানি এর জন্য অর্থ পরিশোধ করতে চায় না।
নির্ভরযোগ্য ও উচ্চ-ভলিউমের ডেটা অ্যাক্সেসের জন্য বড় বাণিজ্যিক ব্যবহারকারীদের কাছ থেকে ফি নিয়ে থাকে উইকিমিডিয়া। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, মেটা ও পারপ্লেক্সিটির মতো প্রতিষ্ঠানগুলো এর পাবলিক এন্টারপ্রাইজ গ্রাহক, যাদের পেমেন্ট সংস্থাটির পরিচালনা ব্যয়ের ১০ শতাংশ পূরণ করে। তবে এ খাতের অন্যতম বৃহৎ দুই এআই নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এবং অ্যানথ্রপিক এই তালিকায় নেই। এই বিষয়ে ওপেনএআই ও অ্যানথ্রপিক কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
মিহান জানান, বড় প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কিছু কোম্পানি উইকিপিডিয়াকে টিকিয়ে রাখতে সহায়তার বিষয়টি মেনে নিলেও, অন্যরা অতিরিক্ত ডেটা ব্যবহারের কথা স্বীকার করলেও এন্টারপ্রাইজ অ্যাক্সেসের জন্য অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা কোনও অনুদান চাচ্ছি না’।
উইকিপিডিয়ার জন্য ট্রাফিক কেবল জনপ্রিয়তার বিষয় নয়, এর সঙ্গে সরাসরি বাজেট ও সম্পাদকের বিষয়টি জড়িত। সংস্থাটির অপারেটিং বাজেটের প্রায় ৮০ শতাংশই আসে ছোট ছোট অনুদান থেকে, যা সাইটে আসা পাঠকদের দেখানো ব্যানার থেকেই মূলত সংগ্রহ করা হয়। এছাড়া পাঠকরাই পরবর্তীতে উইকিপিডিয়ার এডিটর হিসেবে যুক্ত হন। মিহান বলেন, ‘পাঠক কমে যাওয়ার অর্থ হলো এডিটর হওয়ার হারও কমে যাওয়া’।
উইকিপিডিয়া সম্পূর্ণ বিনামূল্যে তাদের কনটেন্ট সরবরাহ করে এবং তা পরিবর্তন করার কোনও ইচ্ছা তাদের নেই। তবে এআই ব্যবহার এবং এআই দিয়ে উইকিপিডিয়া তৈরির মধ্যে স্পষ্ট পার্থক্য টানছেন মিহান।
স্বেচ্ছাসেবক সম্প্রদায়ের নিয়মের মধ্যে থেকে এআই ইতোমধ্যে অনুবাদ করা, ভেঙে যাওয়া লিংক খুঁজে বের করা এবং নতুন এডিটরদের সহায়তার কাজে ব্যবহৃত হচ্ছে। তবে মিহান জোর দিয়ে বলেন, এআই কখনোই এডিটরদের প্রতিস্থাপন করবে না এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে উইকিপিডিয়া নিবন্ধ লেখার কোনও সম্ভাবনা নেই। আগামী পাঁচ বছর বা তার পরেও উইকিপিডিয়ার নিবন্ধগুলো মানুষের দ্বারাই মানুষের জন্য লিখিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে মিহান সতর্ক করে বলেছেন, বাণিজ্যিক এআই যদি তথ্যের মূল মাধ্যম হয়ে ওঠে, তবে যেসব ভাষা বা বাজার এআই কোম্পানির জন্য লাভজনক নয়, সেগুলোর অবমূল্যায়ন হতে পারে। এছাড়া তথ্য পেতে এআই সাবস্ক্রিপশনের ওপর নির্ভরতা বাড়লে একটি ‘জ্ঞানভিত্তিক বৈষম্য’ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
সূত্র: অ্যাক্সিওস
ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন
ইনস্টাগ্রামের জন্য মেটার নতুন এআই, যেসব সুবিধা পাবেন নির্মাতারা