বাইনান্স থেকে ছয় বিলিয়ন ডলারের বেশি ক্রিপ্টো তহবিল চুরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি ভার্চুয়াল মুদ্রা চুরির ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হতে পারে। দুটি ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠানের দাবি, এর পেছনে উত্তর কোরিয়ার কোনও সত্তা থাকতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন অনুসন্ধান প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস উচ্চ আস্থা প্রকাশ করে বলেছে, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্ত হ্যাকার গোষ্ঠী ট্রেডারট্রেইটর এ হামলা চালিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, শক্তিশালী অন-চেইন ও অফ-চেইন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিআরএম এ হামলার দায় উত্তর কোরিয়ার অভিজাত হ্যাকিং ইউনিট ট্রেডারট্রেইটরের ওপর বর্তায়। আমরা এ সিদ্ধান্ত উচ্চ আস্থার সঙ্গে নিচ্ছি। তারা আরও বলে, এ হামলার বেশ কয়েকটি বৈশিষ্ট্য উত্তর কোরিয়ার সঙ্গে যুক্ত আগের চুরির সঙ্গে মিলে যায়।
আরেক ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসও মনে করে, ট্রেডারট্রেইটরই সম্ভবত এ হ্যাকের পেছনে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জোনাথন লেভিন এক্স-এ লেখেন, আমরা নজিরবিহীন সময়ে বাস করছি। কিন্তু ডিপিআরকে তাদের পুরোনো কৌশলেই আছে। আগের হ্যাকের সঙ্গে যোগসূত্রের কারণে আমরা মূল্যায়ন করছি, ৬ দশমিক ৪ বিলিয়ন ডলারের বাইনান্স হ্যাক সম্ভবত ডিপিআরকের গোষ্ঠী ট্রেডারট্রেইটর করেছে। ডিপিআরকে বলতে উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়াকে বোঝানো হয়।
উত্তর কোরিয়া ও ক্রিপ্টো চুরি
ধারণা করা হয়, ট্রেডারট্রেইটর লাজারাস গ্রুপের অংশ এবং উত্তর কোরিয়ার সঙ্গে যুক্ত অভিজাত হ্যাকিং ইউনিটগুলোর একটি। ২০১৪ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে ব্যঙ্গ করে তৈরি দ্য ইন্টারভিউ সিনেমার প্রতিশোধ নিতে সনি পিকচার্স হ্যাক করার অভিযোগ গোষ্ঠীটির বিরুদ্ধে ওঠে।
এক দশকেরও বেশি সময় পর, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিট হ্যাক হয়ে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার খোয়া গেলে এফবিআই ট্রেডারট্রেইটরকে দায়ী করে। টিআরএম ল্যাবস বলেছে, বাইনান্স হামলার বেশ কয়েকটি বৈশিষ্ট্য উত্তর কোরিয়ার সঙ্গে যুক্ত আগের চুরির সঙ্গে মিলে যায়, যার মধ্যে বাইবিট হ্যাকও রয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, এর ফলে এটি রেকর্ডে সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি, ২০২৫ সালের ফেব্রুয়ারির ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাইবিট হ্যাকের প্রায় চার গুণ।
হ্যাকের খবরে ক্রিপ্টো শিল্পে ধাক্কা লেগেছে। বিটকয়েনের দাম ৪ শতাংশ কমে ৭৭ হাজার ৪৬৫ ডলারে নেমেছে। আরও অনেক বড় ক্রিপ্টো টোকেনের দামও কমেছে। বিটকয়েন ও ইথেরিয়াম প্রায় ৫ ও ৬ শতাংশ করে পড়েছে। বাইনান্সর নিজস্ব কয়েন বিএনবি কমেছে প্রায় ১ শতাংশ।
সূত্র: এনডিটিভি
বাইনান্সে বিশালাকার সাইবার হামলা, আড়াইশ কোটি ডলারের বেশি সম্পদ ফ্রিজ