রেকর্ড দরবৃদ্ধির পর অ্যানথ্রপিকের শেয়ারে বড় পতন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ১৩:৫৩ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৩:৫৩

প্রযুক্তি খাতের শেয়ারে ব্যাপক বিক্রির চাপে বিশ্ববাজারে বড় দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে শুক্রবার প্রধান সূচকগুলোর পতনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারের দামও কমেছে। শেয়ারবাজারে প্রথম দিনের উত্থানের পর প্রতিষ্ঠানটির শেয়ারদর নেমে এসেছে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) দামের কাছাকাছি।

শুক্রবার লেনদেন শেষে যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৩ দশমিক ৭ শতাংশ, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১ দশমিক ৯ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট ৫ দশমিক ৩ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ ও ডাও জোন্স সূচক সংশোধন পর্যায়ে প্রবেশ করেছে। অর্থাৎ সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে সূচক দুটি অন্তত ১০ শতাংশ কমেছে।

এআই খাতে বিনিয়োগের গতি ও পরিমাণ নিয়ে উদ্বেগ এই দরপতনের অন্যতম কারণ। গত এক বছরেই কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এ খাতে এক ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। এসব বিনিয়োগ থেকে প্রত্যাশিত মুনাফা আসবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। ফলে বাজারে আর্থিক বুদ্‌বুদের আশঙ্কাও বাড়ছে।

বৃহস্পতিবার নাসডাকে যাত্রা শুরু করে অ্যানথ্রপিক। প্রথম দিন প্রতিষ্ঠানটির শেয়ারের লেনদেন শুরু হয় ১১১ ডলার ৫০ সেন্টে। দিন শেষে শেয়ারদর ১৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৭ ডলার ১৭ সেন্টে। তবে শুক্রবার একপর্যায়ে শেয়ারটির দাম ১২ শতাংশের বেশি কমে প্রায় ৮৫ ডলারে নেমে আসে। আইপিওতে নির্ধারিত দাম ছিল ৮৩ ডলার। দিন শেষে দর কমে ৮ দশমিক ৫ শতাংশ।

বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান আলফাসেন্সের কৌশলবিদ এড মোয়া বিবিসিকে বলেন, অ্যানথ্রপিকের বড় আইপিও এআই খাতের সামগ্রিক বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারেনি। তার মতে, এআইয়ের চাহিদা শক্তিশালী থাকলেও এই প্রবৃদ্ধির জন্য বিনিয়োগকারীরা কতটা মূল্য দিতে প্রস্তুত, সেটিই এখন বড় প্রশ্ন। তারা এখন প্রবৃদ্ধির পাশাপাশি শক্তিশালী নগদ প্রবাহ ও মুনাফার স্পষ্ট সম্ভাবনা দেখতে চাইছেন।

শুক্রবার বড় প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারেও দরপতন হয়েছে। এনভিডিয়ার শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৭ শতাংশ। হিসাবরক্ষণ পদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তদন্তের মুখে কোম্পানিটি পড়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিষয়টি বিবিসি নিশ্চিত করেনি। টেসলা ও স্পেসএক্সের শেয়ারদরও ৭ দশমিক ৬ শতাংশের বেশি কমেছে। মেটার শেয়ার কমেছে ৫ শতাংশের বেশি এবং অ্যামাজনের ৪ শতাংশের বেশি।

ইউরোপে জার্মানির ড্যাক্স সূচক কমেছে ২ দশমিক ৬ শতাংশ, ফ্রান্সের ক্যাক ৪০ কমেছে ১ দশমিক ৯ শতাংশ এবং যুক্তরাজ্যের এফটিএসই ১০০ কমেছে ১ শতাংশ।

এশিয়াতেও বড় পতন হয়েছে। দক্ষিণ কোরিয়ার কোসপি ও জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ৫ শতাংশ কমেছে। তাইওয়ানের শেয়ারবাজার কমেছে প্রায় ৬ শতাংশ। এতে সপ্তাহজুড়ে বাজারটির পতন ১৭ শতাংশ ছাড়িয়েছে, যা ১৯৯০ সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন বলে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি

/এসএইচএম/
সম্পর্কিত
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
শিখ নেতাকে হত্যাচেষ্টার দায়ে যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের কারাদণ্ড
সর্বশেষ খবর
গাজীপুরে কাটছে শ্রমিক অসন্তোষ, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি
গাজীপুরে কাটছে শ্রমিক অসন্তোষ, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি
কয়েক মাসের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন
কয়েক মাসের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন
নড়াইলে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলার বিষয়ে যা বলছে পুলিশ
নড়াইলে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলার বিষয়ে যা বলছে পুলিশ
‘ভাত দে’র পর আর সিনেমায় দেখা যায়নি, কে সেই জরি
‘ভাত দে’র পর আর সিনেমায় দেখা যায়নি, কে সেই জরি
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি