সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রবিবার ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে আকুয়া সারিন্দা সাফারি রিসোর্টে আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। খবর বাসস।
প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। সেখানে সাংবাদিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি আধুনিক সিনেপ্লেক্স ও বিনোদনের ব্যবস্থা থাকবে, যা শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের বিনোদনের সুযোগ নিশ্চিত করবে।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই বিশ্বদরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে আশা করি। তাদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তোমাদের মধ্য থেকেই একদিন রাজনীতিবিদ, সংসদ সদস্য, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে পারে। এ জন্য এখন থেকেই সঠিক পথ বেছে নিতে হবে এবং সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ ও ডিআইজি মোহাম্মদ জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।