বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে শাওমি এবং এর সাব-ব্র্যান্ড রেডমি ও পোকোর ফোন ব্যাপক জনপ্রিয় হলেও, এসব ফোনে ঘন ঘন বিজ্ঞাপন দেখানো নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ দীর্ঘদিনের। ফাইল ম্যানেজার, মিউজিক প্লেয়ার, থিমস ও ডাউনলোডসের মতো সাধারণ অ্যাপেও এসব বিজ্ঞাপন প্রায়ই সামনে চলে আসে, যা ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে করে তোলে অত্যন্ত বিরক্তিকর। তুলনামূলক কম দামে ফোন বাজারজাত করার কৌশলের অংশ হিসেবে শাওমি তাদের সফটওয়্যার ও বিভিন্ন অ্যাপে বিজ্ঞাপন দেখিয়ে আয় করে। তবে ফোনের কয়েকটি সেটিংস পরিবর্তন করে এসব বিজ্ঞাপনের পরিমাণ কমানো সম্ভব।
ফোনে এত বিজ্ঞাপন দেখায় কেন
শাওমির ফোনে অন্যান্য ব্র্যান্ডের ফোনের তুলনায় বেশি বিজ্ঞাপন দেখানোর অন্যতম কারণ হলো এর হার্ডওয়্যারের খরচের পাশাপাশি বিজ্ঞাপন ও অনলাইন সেবা থেকে আয় করা। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ফোনের দাম তুলনামূলক কম রাখার সুযোগ পায়। শাওমির নিজস্ব অ্যাপ ও সিস্টেম ইন্টারফেসে বিজ্ঞাপন বা ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কনটেন্টের রেকোমেন্ডেশন দেখানো হয়। তবে সব মডেল, অঞ্চল ও সফটওয়্যার সংস্করণে বিজ্ঞাপন দেখানোর ধরন এক নয়।
প্রথমে এমএসএ বিজ্ঞাপন সেবা বন্ধ করুন
শাওমির ফোনে বিজ্ঞাপনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে ‘এমএসএ’, যার পূর্ণরূপ ‘এমআইইউআই সিস্টেম অ্যাডস’। এটি বন্ধ করতে প্রথমে ফোনের সেটিংসে গিয়ে পাসওয়ার্ডস এন্ড সিকিউরিটি অথবা হাইপারওএসচালিত ফোনে ফিঙ্গারপ্রিন্ট, ফেস ডেটা এন্ড স্ক্রিন লক বিভাগে প্রবেশ করুন। সেখান থেকে অথোরাইজেশন এন্ড রিভোকেশন নির্বাচন করে ‘এমএসএ’ অপশনটি বন্ধ করুন। প্রয়োজনে নিশ্চিতকরণের জন্য ‘রিভোক’ নির্বাচন করতে হবে।
এরপর বিজ্ঞাপন ব্যক্তিগত পছন্দ অনুযায়ী দেখানোর ব্যবস্থা বন্ধ করতে সেটিংস > প্রাইভেসি > অ্যাড সার্ভিসেস বিভাগে যান। সেখানে ‘পার্সোনালাইজড অ্যাড রেকোমেন্ডেশনস’ বা ‘পার্সোনালাইজ অ্যাডস’ অপশনটি বন্ধ করুন। এতে ব্যক্তিগত পছন্দনির্ভর বিজ্ঞাপন কমবে, তবে সব বিজ্ঞাপন বন্ধ হবে না।
আলাদা অ্যাপের বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে
এমএসএ বন্ধ করার পরও বিভিন্ন অ্যাপে বিজ্ঞাপন দেখা যেতে পারে। সেগুলো বন্ধ করতে সংশ্লিষ্ট অ্যাপের সেটিংস পরিবর্তন করতে হবে।
- ডাউনলোডস: অ্যাপের সেটিংসে গিয়ে ‘শো রেকোমেন্ডেড কনটেন্ট’ অপশনটি বন্ধ করুন।
- থিমস: সেটিংসে ‘পার্সোনালাইজড রেকোমেন্ডেশনস’ ও ‘শো অ্যাডস’ অপশন থাকলে বন্ধ করুন।
- মিউজিক: অ্যাপের সেটিংস থেকে ‘অ্যাডভান্সড সেটিংস’ খুলে ‘শো অ্যাডস’ বন্ধ করুন।
- এমআই ব্রাউজার: ‘সেটিংস’ থেকে ‘প্রাইভেসি এন্ড সিকিউরিটি’ বিভাগে গিয়ে ‘পার্সোনালাইজড সার্ভিসেস’ বন্ধ করুন।
- সিকিউরিটি: অ্যাপের সেটিংসে ‘রিসিভ রেকোমেন্ডেশনস’ বন্ধ করুন। ‘ক্লিন’ বিভাগের ভেতরেও একই অপশন থাকলে সেটি বন্ধ করতে হবে।
ফোনের মডেল ও সফটওয়্যার সংস্করণ অনুযায়ী অপশনগুলোর নাম বা অবস্থান কিছুটা ভিন্ন হতে পারে।
ফাইল ম্যানেজারের বিজ্ঞাপন কমাবেন যেভাবে
পুরোনো এমআইইউআই সংস্করণে ফাইল ম্যানেজার অ্যাপের সেটিংস থেকে ‘রেকোমেন্ডেশনস’ বন্ধ করা যায়। তবে নতুন হাইপারওএস সংস্করণে এই অপশন নাও থাকতে পারে। সে ক্ষেত্রে ফাইল ম্যানেজার খুলে ওপরের ডান পাশে থাকা তিন ডট মেনু থেকে সেটিংস নির্বাচন করুন। এরপর ‘উইথড্রওয়াল অফ কন্সেন্ট’ অপশন থাকলে সেটি নির্বাচন করে সম্মতি প্রত্যাহার করা যায়।
এ ছাড়া বিজ্ঞাপন দেখানো অ্যাপের নোটিফিকেশন বন্ধ করেও কিছু বিজ্ঞাপন এড়ানো সম্ভব। তবে এতে ওই অ্যাপের প্রয়োজনীয় নোটিফিকেশনও বন্ধ হয়ে যেতে পারে। তাই সব বিজ্ঞাপন একবারে বন্ধ করার বদলে কোন অ্যাপে বিজ্ঞাপন দেখানো হচ্ছে, তা শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী সেটিংস পরিবর্তন করাই কার্যকর পদ্ধতি।
ওয়েবসাইটের তথ্য দিয়ে এআই প্রশিক্ষণের শর্ত, সমালোচনার মুখে পিছু হটলো মেটা
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির