কখন বুঝবেন সম্পর্ক থেকে বের হয়ে যাওয়ার সময় এসেছে

আতিকুল হক মজুমদার
১৩ জুন ২০২৬, ০৯:২৮আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:২৮

একটি সম্পর্ক টিকিয়ে রাখতে চেষ্টা, সমঝোতা আর ধৈর্য দরকার। কিন্তু সব সম্পর্কই যে শেষ পর্যন্ত ধরে রাখতে হবে, এমন নয়। কখনও কখনও সম্পর্ক থেকে সরে আসাই হয়ে ওঠে নিজের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব।

কীভাবে বুঝবেন, আপনার সম্পর্কটি আর আপনাকে ভালো রাখছে না? মনোবিদরা সাধারণত তিনটি বিষয়ের দিকে নজর দিতে বলেন।

আপনি কি নিজের আসল সত্তা হারিয়ে ফেলছেন?

ছোটবেলা থেকেই আমরা শিখি—সবার মন জুগিয়ে চলতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু সম্পর্কের মধ্যে যদি এমন হয় যে সঙ্গীকে খুশি রাখতে গিয়ে নিজের পছন্দ-অপছন্দ, মতামত বা স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে ফেলছেন, তাহলে সেটা সতর্ক হওয়ার সংকেত।

একটি সুস্থ সম্পর্কে দুজন মানুষ পাশাপাশি থাকে, কিন্তু কেউ কারও ব্যক্তিত্বকে মুছে দেয় না। যদি মনে হয় আপনি আর নিজের মতো থাকতে পারছেন না, তাহলে সম্পর্কটি হয়তো আপনাকে ভালো রাখছে না।

মনের কথা কি নির্ভয়ে বলতে পারেন?

ভালো সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হলো নিরাপত্তাবোধ। সেখানে নিজের ভয়, দুর্বলতা, কষ্ট কিংবা ভুলের কথাও নির্দ্বিধায় বলা যায়।

কিন্তু যদি সঙ্গীর সামনে কথা বলার আগে বারবার ভাবতে হয়, যদি মনে হয় কিছু বললেই তিনি রেগে যাবেন, অপমান করবেন বা খোঁটা দেবেন—তাহলে সম্পর্কের ভেতরে আস্থার জায়গাটা দুর্বল হয়ে গেছে।

যেখানে মনের কথা বলতেই ভয় লাগে, সেখানে ভালোবাসা থাকলেও মানসিক শান্তি থাকে না।

সম্পর্কে কি সারাক্ষণ অজানা ভয় কাজ করে?

সঙ্গীর সামান্য রাগ, মুখ ভার বা মতের অমিলেই যদি মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে, যদি সারাক্ষণ অপরাধবোধে ভোগেন বা উদ্বেগে থাকেন, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা দরকার।

সম্পর্কে ছোটখাটো ঝগড়া বা মতবিরোধ স্বাভাবিক। কিন্তু যদি সম্পর্কের কারণে আপনার মনে সবসময় চাপ, ভয় বা অস্থিরতা কাজ করে, তাহলে সেটি ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ও মানসিক সুস্থতাকে ক্ষয় করতে পারে।

সম্পর্ক নকশীকাঁথার মতোই

জীবনকে অনেকেই নকশীকাঁথার সঙ্গে তুলনা করেন। সামনের দিকটা যেমন সুন্দর, উল্টো পিঠে তেমনি থাকে সুতোর জট আর গিঁট।

সম্পর্কও ঠিক তেমন। কিছু অমিল, কিছু ভুল বোঝাবুঝি বা অশান্তি থাকবেই। কিন্তু সেই জট ছাড়াতে গিয়ে যদি আপনার মনের শান্তি, আত্মসম্মান কিংবা নিজের প্রতি ভালোবাসাটুকুই হারিয়ে যায়, তাহলে হয়তো সময় এসেছে ভাবার—শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এতটা মূল্য দেওয়া কি সত্যিই প্রয়োজন?

শেষ কথা

সম্পর্কে সমস্যা মানেই তাৎক্ষণিক বিচ্ছেদ নয়। আবার সব কষ্ট চেপে রেখে সম্পর্ক টিকিয়ে রাখাও সমাধান নয়।

কখনও কখনও একটু দূরে সরে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করা দরকার—এই সম্পর্কটি কি আমাকে বড় করছে, নাকি ভেঙে দিচ্ছে?

উত্তরটি সবসময় সহজ হয় না। তবে নিজের মানসিক শান্তি, আত্মসম্মান এবং সুস্থতাকে গুরুত্ব দেওয়া কখনও ভুল সিদ্ধান্ত হতে পারে না।

/এম/
সম্পর্কিত
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
ওভেনে রান্না ও গরম করা খাবার খাওয়া কতটা নিরাপদ
ওজন কমাতে তাড়াহুড়ো কেন ক্ষতিকর জানালেন ফিটনেস বিশেষজ্ঞ
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
সর্বাধিক পঠিত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে