ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) নামের একটি সংগঠন। দিল্লির উপকণ্ঠে কৃষক আন্দোলনের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছে দলটি।
এই কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে মোদির আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময়কে। সেই সময় হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে খালিস্তানপন্থী সংগঠনটির।
কৃষকদের বিরুদ্ধে দেশজুড়ে সন্ত্রাস চালাচ্ছে দিল্লির শাসকগোষ্ঠী। এমন অভিযোগে মোদির ‘রাতের ঘুম কেড়ে নেওয়া’র হুমকি দিয়েছে দলটি।
২০১৯ সালের ১০ জুলাই ‘শিখস ফর জাস্টিস’ নামের সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত। দেশটির নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক নয় বরং পুরোপুরিভাবে ব্যবসায়িক ভিত্তিতে চলে এই সংগঠনটি। শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে শিখস ফর জাস্টিস-এর প্রতি সমর্থন ক্রমশ কমছে, পাঞ্জাবি তরুণদের মধ্যেও প্রভাব প্রায় নেই বললেই চলে।
গোয়েন্দা সূত্রে খবর, এই সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তান, বিশেষ করে আইএসআই এজেন্টদের ছড়াছড়ি। ভারত-বিরোধী কার্যকলাপে আর্থিক মদত যোগায় দলটি। এমনকি নেটমাধ্যমে ভারত বিরোধী পোস্ট দিতে পারলে বিদেশের কোনও দেশে নাগরিকত্ব জোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণদের প্রভাবিত করে এই সংগঠন।
জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো দেশটি সফরে যাচ্ছেন মোদি। আগামী ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্টের আয়োজনে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গেই কোয়াড বৈঠকে হাজির থাকবেন মোদি। জাতিসংঘ সাধারণ অধিবেশনেও অংশ নেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।
এই পরিস্থিতিতে এসএফজে-এর হুমকিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন নিরাপত্তা কর্মকর্তারা। সূত্রের খবর, সম্প্রতি দিল্লিতে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছে পাঞ্জাব পুলিশ। এ সময় এসএফজে-কে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে। সূত্র: আনন্দবাজার।