আসন্ন ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে এক রাজকীয় কূটনৈতিক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নয়া দিল্লি। ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারত আয়োজিত এই সম্মেলনে অংশ নেবেন ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানরা। ভারত মণ্ডপমে মূল সম্মেলন অনুষ্ঠিত হলেও দিল্লির পাঁচ তারকা বিলাসবহুল হোটেলগুলোতে চলছে নেপথ্যের বড় প্রস্তুতি। আগত বিশ্বনেতাদের ভারতীয় খাবারের বৈচিত্র্যের স্বাদ দেওয়ার পাশাপাশি তাদের আন্তর্জাতিক পছন্দের দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে বিশেষ মেনু।
সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের আপ্যায়নে দিল্লির তাজমহল, দ্য লিলা প্যালেস ও দ্য ললিত হোটেল যেসব আয়োজন করেছে, তা নিচে তুলে ধরা হলো:
তাজমহল, নয়া দিল্লি
ব্রিকস প্রতিনিধিদের জন্য তাজমহল হোটেল নিয়ে এসেছে বিশেষ আয়োজন ‘ট্র্যাডিশন টু টেবিল’। তাজের শেফরা তাদের মায়েদের কাছ থেকে শেখা রেসিপি থেকে অনুপ্রেরণা নিয়ে এই মেনু সাজিয়েছেন, যা ভারতীয় আতিথেয়তা ও রান্নার ঐতিহ্যের আত্মা বহন করে।
এ ছাড়া ভারতের ছয়টি ভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সুস্বাদু স্ন্যাক্স পরিবেশন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কাশ্মীরের মশলাযুক্ত আখরোট, পুরান দিল্লির ময়দা কাজু, মহারাষ্ট্রের ভাকারওয়াড়ি, রাজস্থানের মিনি কচুরি, বাংলার কুচো নিমকি এবং তামিলনাড়ুর মুচমুচে মুরুক্কু।
হোটেলটির এরিয়া ডিরেক্টর (অপারেশনস) ও জেনারেল ম্যানেজার ড. অনমোল আহলুওয়ালিয়া বলেন, প্রায় পাঁচ দশক ধরে তাজমহল হোটেল বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও বিশিষ্ট নেতাদের স্বাগত জানিয়ে আসছে। ভারতের সমৃদ্ধ রন্ধনশিল্পের ঐতিহ্যকে তুলে ধরে তৈরি এই বিশেষ স্মারক তাজের উষ্ণতা, যত্ন ও আন্তরিক আতিথেয়তার প্রতীক।
দ্য লিলা প্যালেস, নয়া দিল্লি
দ্য লিলা প্যালেস ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে তাদের খাবার সাজিয়েছে। ভারতের জাতীয় ফুল পদ্মকে কেন্দ্র করে হাতে তৈরি একটি বিশেষ ভোজ্য পদ্ম উপহার হিসেবে রাখা হয়েছে। পদ্মটি ভারতের জাতীয় ফুল হওয়ার পাশাপাশি ‘ব্রিকস ইন্ডিয়া ২০২৬’-এর প্রতীক এবং দ্য লিলার নিজস্ব যাত্রার সঙ্গেও সম্পর্কিত। গোলাপ, জাফরান ও এলাচ দিয়ে তৈরি এই পদ্মটির সঙ্গে দেওয়া হচ্ছে ভারতের স্থানীয় বিভিন্ন ফল।
হোটেলটির এক্সিকিউটিভ শেফ করণ ঠাকুর জানান, রাজকীয় স্বাদের বিশেষ নানা খাবারের পাশাপাশি তাদের স্বাস্থ্যকর মিলেট (বাজরা) কুকিজ, হাতে তৈরি গ্রানোলা বার ও ভেষজ পানীয় রাখা হয়েছে। তিনি বলেন, আমাদের আন্তর্জাতিক অতিথিদের কাছে ভারতের এক পরিশীলিত ও অনন্য রূপ তুলে ধরতেই প্রতিটি উপাদান অত্যন্ত যত্ন সহকারে নির্বাচন করা হয়েছে।
দ্য ললিত, নয়া দিল্লি
দ্য ললিতের মেনুতে স্থান পেয়েছে ভারতের আঞ্চলিক ক্লাসিক খাবার এবং আন্তর্জাতিক অতিথিদের পছন্দের চমৎকার মিশ্রণ। তাদের মেনুতে প্রথাগত ব্যাঙ্কোয়েট খাবারের বাইরে গলৌটি কাবাব, তন্দুরি রুটি এবং মিলেটভিত্তিক স্বাস্থ্যকর খাবারের প্রাচুর্য রাখা হয়েছে।
আন্তর্জাতিক অতিথিদের কথা মাথায় রেখে তাদের শেফরা বেশ কিছু ফিউশন ডিশ তৈরি করেছেন। যার মধ্যে রয়েছে ‘ব্রেইজড এগপ্ল্যান্ট উইথ মিসো পেস্ট’, ‘সিমার্ড চায়নিজ ক্যাবেজ’ এবং ‘কিডনি বিন সুইট জাপানিজ স্টাইল উইথ আম্বার সস’।
দ্য ললিতের জেনারেল ম্যানেজার বিশাল শর্মা বলেন, বিভিন্ন দেশের রন্ধনশৈলীকে এক টেবিলে নিয়ে আসাই আমাদের এই ভাবনার উদ্দেশ্য, যার মূলে থাকবে ভারতীয় আতিথেয়তা। এই মেনুটি তৈরি করতে আমাদের শেফরা দারুণ পরিশ্রম করেছেন এবং এটি আমাদের আন্তরিক ও মর্যাদাপূর্ণ আতিথেয়তার প্রতীক।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
ব্রিকস সম্মেলনে পুতিন, শি ও পেজেশকিয়ানের জন্য নিশ্ছিদ্র ব্যবস্থা, থাকবে ৩০ হাজার নিরাপত্তাকর্মী
শি জিনপিংয়ের সফরে চীন-ভারত সম্পর্কে বরফ গলবে?
রকেট ডিজাইন ছেড়ে বেবি ফুডের ব্যবসা, বছরে কোটি রুপি আয় তরুণীর







