সকালে ঘুম থেকে উঠে এমন একটি ইমেইল পাওয়ার কথা হয়তো কল্পনাও করেননি ওরাকলের কিছু কর্মী। ভোর ৬টার দিকে পাঠানো সেই বার্তায় জানানো হয়, ‘আপনার পদ নিয়ে কিছু কঠিন খবর জানানো হচ্ছে- আজই আপনার শেষ কর্মদিবস।’
বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড অবকাঠামোর পেছনে ওরাকলের ব্যাপক ব্যয়ের মাঝেই এই সর্বশেষ ছাঁটাইয়ের ঘটনা ঘটল। তবে এই দফায় কতজন কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
ছাঁটাইয়ের ই-মেইলে বলা হয়, ‘বৃহত্তর সাংগঠনিক পরিবর্তনের’ অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মীদের পদ বিলুপ্ত করা হয়েছে। তবে কোনও নির্দিষ্ট কর্মীকে কেন ছাঁটাই করা হচ্ছে, সে বিষয়ে ব্যক্তিগত ব্যাখ্যা দেওয়া হয়নি।
কর্মীদের জানানো হয়েছে, শিগগিরই ওরাকলের কম্পিউটার, ই-মেইল, ভয়েসমেইল ও ফাইলে তাদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হবে। বিচ্ছেদকালীন সুবিধা ও অন্যান্য প্রয়োজনীয় নথি পেতে ব্যক্তিগত ই-মেইল ঠিকানা দিতে বলা হয়েছে।
২০২৬ অর্থবছরেই ওরাকলের কর্মী সংখ্যা প্রায় ২১ হাজার বা ১৩ শতাংশ কমেছে। মে মাসের শেষে প্রতিষ্ঠানটির বিশ্বজুড়ে কর্মী ছিল প্রায় ১ লাখ ৪১ হাজার। এক বছর আগে এই সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৬২ হাজার। এছাড়া ওই বছর পুনর্গঠন ও বিচ্ছেদ বাবদ প্রায় ১ দশমিক ৮৪ বিলিয়ন ডলার ব্যয় করেছে ওরাকল। কর্মী কমানোর পেছনে এআই গ্রহণ ও বাস্তবায়নও অন্যতম কারণ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ওরাকলের এই ঘটনা প্রযুক্তি শিল্পজুড়ে চলমান বৃহত্তর পরিবর্তনেরই একটি অংশ। সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই ৬ হাজারেরও বেশি চাকরি ছাঁটাই করা হয়েছে, যার মধ্যে উবার, পেপ্যাল, অ্যাপল, জোমাটো এবং ওরাকলের মতো কোম্পানিগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: এনডিটিভি

দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার







