পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলীমা খানকে লাহোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) তার গ্রেফতারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী।
আসন্ন ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ওপর সরকারের চলমান দমন-পীড়নের মধ্যেই এই গ্রেফতারের ঘটনা ঘটলো। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খানের তাৎক্ষণিক মুক্তি এবং সংবিধানের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। এর আগে পুলিশ বিক্ষোভকে ঘিরে পিটিআইয়ের চার জন কর্মী-সমর্থককে আটক এবং রাজধানীজুড়ে নিরাপত্তা নজরদারি জোরদার করে।
পিটিআই চেয়ারম্যান ব্যরিস্টার গওহর আলী খান এক এক্স বার্তায় জানান, আলীমা খানের বোন নোরিন নিয়াজী তাকে এই গ্রেফতারের বিষয়ে অবহিত করেছেন। গওহর আলী খান বলেন, আমরা স্পষ্ট করেছি যে আমাদের প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ হবে। কোনও ধরনের সংঘাত আমাদের কাম্য নয়।
তিনি আরও বলেন, এ অবস্থায় এমপিও’র অধীনে আলীমা খান সাহিবাকে গ্রেফতার করা সহিংসতা ও উত্তেজনা উসকে দেওয়ার শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি এই গ্রেফতারের অবসান ও আলীমা খানের অবিলম্বে মুক্তি দাবি করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পিটিআই দাবি করেছে, লাহোরে বাড়ির সামনে থেকে কর্তৃপক্ষ আলীমা খানকে ‘অপহরণ’ করেছে। পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক শেখ ওয়াকাস আকরাম তাকে অবিলম্বে আদালতে হাজির করার দাবি জানিয়ে বলেন, ভাইয়ের পক্ষে কথা বলার কারণে একজন বোনকে শাস্তি দেওয়া হচ্ছে।
অন্যদিকে পিটিআই এই ঘটনাকে একটি ভীরু ও পরিকল্পিতভাবে পরিস্থিতি অবনতি করার চেষ্টা বলে আখ্যায়িত করেছে।
বিরোধী জোট তেহরিক-ই-তাহাফফুজ আইইন-ই-পাকিস্তানও (টিটিএপি) এক বিবৃতিতে এই গ্রেফতারের নিন্দা জানিয়ে একে ‘রাষ্ট্রীয় নিপীড়ন ও রাজনৈতিক প্রতিশোধের সীমা লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। জোটটি জানায়, এই পদক্ষেপে পাঞ্জাব সরকারের নিপীড়ক ব্যবস্থা প্রকাশ পেয়েছে এবং আলীমা খানের অবিলম্বে মুক্তি নিশ্চিত করতে হবে।
সূত্র: ডন

সৌদি সমর্থনে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া







