প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভ্যান্স, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়বে?

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ১৭:৩৯ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৭:৪০

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর নিজের রাজনৈতিক পরিচিতি জোরালো করার চেষ্টা করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছায়া থেকে বেরিয়ে নিজস্ব রাজনৈতিক অবস্থান তৈরিতে মনোযোগ দিচ্ছেন তিনি।

নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। প্রচারের শেষ পর্যায়ে এসে কৌশল বদলে ট্রাম্পের কথা কম এবং নিজের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো বেশি তুলে ধরেন ভ্যান্স। সেপ্টেম্বরের রিপাবলিকান সম্মেলনের পর দেওয়া তার ছয়টি বক্তৃতা পর্যালোচনা করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বক্তৃতাগুলোতে অর্থনৈতিক জাতীয়তাবাদ, পররাষ্ট্রনীতিতে সংযম এবং জননিরাপত্তার মতো বিষয়কে গুরুত্ব দেন তিনি। এড়িয়ে যান ট্রাম্পের গুরুত্বপূর্ণ নীতিগুলোর মধ্যে থাকা ইরান যুদ্ধ ও অভিবাসীদের বহিষ্কারের প্রসঙ্গ। জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমতে থাকায় রিপাবলিকান প্রার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছিল।

কৌশল পরিবর্তনের বিষয়টি পরিকল্পিত ছিল বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত দুই ব্যক্তি। তাদের ভাষ্য, ভ্যান্স ও তার উপদেষ্টারা মনে করেন, এসব ইস্যু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং এগুলো নিয়ে কথা বলার মতো কর্তৃত্ব ভ্যান্সের রয়েছে।

ইরান যুদ্ধ নিয়ে প্রকাশ্যে অবস্থান

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ বিশ্লেষণ করেন ভ্যান্স। সেখানে তিনি ইরান যুদ্ধকে পরাজয়ের জন্য দায়ী করেন এবং দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানান। পাশাপাশি জীবনযাত্রার ব্যয়, পররাষ্ট্র সম্পর্ক পুনর্মূল্যায়ন এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে পর্যালোচনার কথা বলেন।

ইরান যুদ্ধ বন্ধের পক্ষে ভ্যান্সের প্রকাশ্য অবস্থান ছিল এবারই প্রথম। তবে হোয়াইট হাউস ও ভ্যান্সের যোগাযোগব্যবস্থা সম্পর্কে অবগত তিন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না তিনি। তাদের দাবি, ভ্যান্সের ওই পোস্টের বিষয়ে আগেই জানতেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস।

ট্রাম্প স্বীকার করেছেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ইরান যুদ্ধ রিপাবলিকানদের নির্বাচনি পরাজয়ে ভূমিকা রেখেছে। তবে যুদ্ধের পক্ষে নিজের অবস্থান বজায় রেখে তিনি বলেন, আমি ভিন্ন কিছু করতাম না। ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রসহ কয়েকজন রক্ষণশীল নেতা ভ্যান্সের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন।

রিপাবলিকান কৌশলবিদ মাইকেল রিচির মতে, ভ্যান্সের বক্তব্য তাকে ট্রাম্প-পরবর্তী রক্ষণশীল রাজনীতির সম্ভাব্য নেতা হিসেবে সামনে এনেছে। তার ভাষ্য, ভাইস প্রেসিডেন্টের পদকে ব্যবহার করে রাজনৈতিক বিতর্কের বিষয়বস্তু নির্ধারণের চেষ্টা করছেন ভ্যান্স।

২০২৮ সালের নির্বাচন সামনে রেখে চ্যালেঞ্জ

ভ্যান্স ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন কি না, তা এখনও জানাননি। ট্রাম্পও তাকে কিংবা অন্য কাউকে সমর্থন দেননি। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভ্যান্সকে বিবেচনা করা হচ্ছে। রিপাবলিকানদের কয়েকজন কর্মকর্তা মনে করেন, ট্রাম্পের সমর্থকগোষ্ঠী ধরে রাখার পাশাপাশি তার রাজনৈতিক বিতর্ক ও নেতিবাচক দিকগুলো থেকে নিজেকে আলাদা করতে হবে ভ্যান্সকে।

ডেমোক্র্যাট কৌশলবিদ ইগর ভলস্কির মতে, সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার মতো অবস্থান তৈরি করা এবং প্রাথমিক দলীয় নির্বাচনে ট্রাম্পের প্রতি আনুগত্য বজায় রাখার মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া রিপাবলিকান প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

তবে মধ্যবর্তী নির্বাচনের পর ভ্যান্সের নিজের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়েছে। তিনি যেসব অঙ্গরাজ্যে প্রচারে গিয়েছিলেন, সেখানেও রিপাবলিকানরা হেরেছে। অন্যদিকে, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ বলেছেন, জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়ে দলটি যথেষ্ট কাজ করেনি। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের মতে, পরাজিত প্রার্থীরা ট্রান্সজেন্ডার ইস্যুতে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ উপেক্ষা করেছেন।

নির্বাচনি প্রচারের শেষ দিকে ভ্যান্স ভোটারদের বলেন, রিপাবলিকানরা স্বাস্থ্যসেবা ও দারিদ্র্যবিমোচন কর্মসূচিতে জালিয়াতির তদন্ত করবে। এসব বক্তব্যে ইরান যুদ্ধ ও জ্বালানির দাম নিয়ে প্রায় কিছুই বলেননি তিনি। ট্রাম্পের নামও খুব কম উল্লেখ করেছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে নিয়ে মশকরা ইরানের
হবিট মানবদের গুহায় মিললো প্রাগৈতিহাসিক বিশাল মুরগির সন্ধান
ফ্লোরিডায় ব্যস্ত সড়কে প্লেনের জরুরি অবতরণ, পিকআপ ভ্যানকে ধাক্কা
সর্বশেষ খবর
আলোচিত সেই এমপির সমাবেশের মঞ্চের সামনে ককটেল নাকি বোমা?
আলোচিত সেই এমপির সমাবেশের মঞ্চের সামনে ককটেল নাকি বোমা?
মালদ্বীপকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান 
মালদ্বীপকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান 
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে: আইনমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে: আইনমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে নিয়ে মশকরা ইরানের
যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে নিয়ে মশকরা ইরানের
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম